লিওনেল মেসি ও সার্জিও রামোসের গোলে জয়ে ফিরলো পিএসজি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিসকে ২-০ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। এ জয়ে লিগ শিরোপা জেতার আরো কাছাকাছি পিএসজি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ফরাসি জায়ান্টরা। ২৬ মিনিটে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি।
প্রথম অর্ধের শেষের রেশ দ্বিতীয়ার্ধের শুরুতে টেনে নিয়ে যায় নিস। তবে সৌভাগ্যের ছোঁয়া আর দোন্নারুম্মার দুর্দান্ত গোলকিপিংয়ে একাধিকবার পার পেয়ে যায় পিএসজি।
৫২তম মিনিটে দান্তের ভলি ক্রসবারের ভেতরের দিকে লেগে নিচে ড্রপ খেলেও অল্পের জন্য পেরুয়নি গোল লাইন।
ছয় মিনিট পর বক্সের একটু উপর থেকে ইউসুঢ নাদায়িশিমিয়ির বুলেট গতির শট ঝাঁপিয়ে ফেরান দোন্নারুম্মা।
৭০তম মিনিটে কর্নারে অরক্ষিত জ্যঁ-ক্লেয়ার তদিবোর হেড কোনোমতে বাহু দিয়ে আটকে আবারও ত্রাতা এই গোলরক্ষক।
দুইবার ভালো সুযোগ তৈরি করেও কিলিয়ান এমবাপে কাজে লাগাতে ব্যর্থ হওয়ার পর ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় পিএসজি। মেসির কর্নার অনেকটা লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন সের্হিও রামোস। যদিও হেডে গতি ছিল না, ড্রপ খেয়ে বল জালে জড়ানোর আগে গোলরক্ষক ঝাঁপালেও পাননি নাগাল।
আরও পড়ুন: নিজেদের মাঠে ১৩ মাস পর হারলো রিয়াল মাদ্রিদ
নিসের চাপ সামলাতে ব্যস্ত থাকা পিএসজি দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু আশরাফ হাকিমির থ্রু বল গোলরক্ষক ফেরালে পেয়ে যান এমবাপে। কিন্তু ক্রসবারের উপর দিয়ে মেরে হেলায় হারান সুবর্ণ সুযোগ।
চলতি লিগে এটি নিসের দ্বাদশ হার। ৩০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা।
একাত্তর/আরএ
