ক্রিকেট দুনিয়ায় এখন সবচেয়ে চর্চিত বিষয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের অবস্থান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সায় নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দেয়, তাদের দল বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে ম্যাচটিতে অংশ নেবে না। পিসিবির এমন সিদ্ধান্তে তোলপাড় ক্রিকেট বিশ্ব।
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত খেলোয়াড়দের পক্ষ থেকে নেয়া হয়নি। রোববার রাতে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের পর তিনি একথা জানান।
একই দিনে পাকিস্তান সরকার ঘোষণা করে, তারা বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় এ-গ্রুপের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে না। এদিকে, আইসিসি এই ম্যাচ বর্জনের সিদ্ধান্তের ফলে হতে যাওয়া 'দীর্ঘমেয়াদী প্রভাব' সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড নেয়ার পর পিসিবি প্রধান মহসিন নকভি বলেছিলেন, টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে জাতীয় সরকারের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে। অবশেষে সেই সিদ্ধান্ত আসলেও তা সবাইকে অবাক করে দিয়েছে, যার মধ্যে সম্ভবত অধিনায়ক আঘাও রয়েছেন।
রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের আঘা বলেন, আমরা বিশ্বকাপে যাচ্ছি। ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত আমাদের নয়, তাই এ বিষয়ে আমাদের কিছু করার নেই। আমাদের সরকার এবং পিসিবি প্রধান আমাদের যা করতে বলবেন, আমরা শুধু সেটাই করব।
ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের এই সিদ্ধান্ত মূলত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।
নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের বাইরে ম্যাচ সরিয়ে নেয়ার দাবি আইসিসি প্রত্যাখ্যান করার পর বাংলাদেশকে আসর থেকে সরিয়ে দেয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সিদ্ধান্তে অনড় ছিল এবং এমনকি আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলে।
নিয়ম অনুযায়ী, কোনো দল যদি মাঠে না নামার সিদ্ধান্ত নেয়, তবে প্রতিপক্ষ দল পূর্ণ পয়েন্ট পাবে। এর অর্থ হলো, পাকিস্তানকে ছাড়াই ভারত ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট পেয়ে যাবে, যা তাদের সুপার এইট পর্বে পৌঁছাতে অনেক সাহায্য করবে। তবে পাকিস্তান যদি সুপার এইট বা ফাইনালে ওঠে এবং সেখানে আবারও ভারতের মুখোমুখি হয়, তবে তারা বর্জন নীতি বজায় রাখবে না কি খেলা চালিয়ে যাবে, তা এখনও দেখার বিষয়।
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো বাংলাদেশের মেয়েরা
ভারত-পাকিস্তান ম্যাচে ফিরলো করমর্দন এড়ানোর দৃশ্য!