২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইরানের জাতীয় ফুটবল দলের তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমি। তার দাবি, আগের বিশ্বকাপগুলোর মতো উন্মুক্ত ও আন্তরিক পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র; বরং দেশটির বিভিন্ন পদক্ষেপ এবারের আসরকে ঘিরে উত্তেজনাপূর্ণ ও রাজনৈতিক আবহ তৈরি করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) সংবাদ সংস্থা সেদা ও সিমার বরাত দিয়ে পার্সটুডে জানায়, সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তারেমি।
ইরানি এই ফরোয়ার্ড বলেন, যুক্তরাষ্ট্র সরকারের কিছু ভিসা আবেদন প্রত্যাখ্যান এবং একজন সোমালি রেফারির প্রবেশে বাধা দেওয়ার পদক্ষেপ দেশটির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ২০২৬ বিশ্বকাপের পরিবেশে ‘ব্যাপক উত্তেজনা’ সৃষ্টি করেছে।
তিনি বলেন, আমি এর আগে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছি। প্রতিবারই আয়োজক দেশে পৌঁছে ফুটবলের বিশ্বজনীনতা ও আন্তরিকতার অনুভূতি পেয়েছি। কিন্তু দুঃখজনকভাবে এবার সেই অনুভূতি পাচ্ছি না।
তারেমির ভাষ্য, বর্তমানে এই বিশ্বকাপকে ঘিরে অনেক উত্তেজনা বিরাজ করছে এবং পুরো পরিবেশটাই রাজনৈতিক হয়ে উঠেছে।
এর আগে ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছিল, যেসব স্টেডিয়ামে ইরানের জাতীয় ফুটবল দলের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে ইরানি সমর্থকদের প্রবেশে বাধা দিচ্ছে মার্কিন প্রশাসন।
ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি অংশগ্রহণকারী দেশের জন্য ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ সংরক্ষিত থাকে। এই কোটা অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সমর্থকেরা নিজ নিজ ফুটবল ফেডারেশনের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়ায় টিকিট সংগ্রহ করতে পারেন। সেই নিয়ম অনুসারে ইরানের ফুটবল ফেডারেশন তাদের প্রাপ্য টিকিট কোটা পাওয়ার পর নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে ম্যাচগুলোর টিকিট নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি শুরু করে।
তবে ফেডারেশনের অভিযোগ, হঠাৎ করেই যুক্তরাষ্ট্র এই বরাদ্দকৃত টিকিট কোটা প্রত্যাহার করে নেয়। এর ফলে বর্তমানে ইরানি সমর্থকদের জন্য কোনো টিকিট সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অথচ আগেই ঘোষিত নিয়ম অনুযায়ী অনেক সমর্থক ম্যাচ দেখার প্রস্তুতি সম্পন্ন করেছিলেন।
তেহরানের দাবি, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার নীতিমালা এবং অংশগ্রহণকারী দেশগুলোর সমান অধিকারের পরিপন্থি। তাদের মতে, এটি ক্রীড়ার চেতনার বিরোধী এবং আন্তর্জাতিক আসরে রাজনৈতিক হস্তক্ষেপের একটি বড় উদাহরণ।
ফিফার লাল কার্ডে জার্সি বদলাতে বাধ্য হলো হাইতি
বিশ্বজয়ের লক্ষ্যে কতটা তৈরি মেক্সিকোর ‘এল ট্রি’ বাহিনী?