ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি পোস্টার বয় কিলিয়ান এমবাপে হাঁটুতে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ার দৃশ্য এখন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স দলের ঘুম হারাম করে দিয়েছে!
নতুন কোচ জিদান দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম কৌশলেই বাজিমাত করেন ফরাসি অলটাইম টপ স্কোরার এমবাপে, তবে গোলের উল্লাসের পরই সেই আনন্দ আতঙ্কে রূপ নেয়।
তুরস্কের ইজমিতে অনুষ্ঠিত এই ম্যাচে সাবেক কোচ দিদিয়ার দেশমের সেন্ট্রাল স্ট্রাইকার অবস্থান থেকে সরিয়ে এমবাপেকে বাঁ উইংয়ে নামান ফরাসি ফুটবলের নায়ক জিদান। গুরু জিদানের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে মাইকেল অলিসের বানিয়ে দেওয়া চমৎকার বল নিয়ন্ত্রণে নিয়ে ইজমিরে ৬৭তম আন্তর্জাতিক গোলটি করেন রিয়াল তারকা। কিন্তু গোলের পরপরই বাম হাঁটুতে তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি।

প্রাথমিক চিকিৎসার পরও খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মাঠে লুটিয়ে পড়েন এমবাপে। অবশেষে হতাশায় মাথা নাড়তে নাড়তে ডেসায়ার দোয়ের জন্য মাঠ ছেড়ে বেঞ্চে বসতে হয় তাঁকে। সামনের ১০ দিনে আরও ৩টি আন্তর্জাতিক ম্যাচ থাকায় এবং ক্লাবের গুরুত্বপূর্ণ মৌসুম সামনে রেখে এমবাপ্পের এই চোট জিদানের অভিষেক জয়ের আনন্দকে এক মুহূর্তে ফিকে করে দিয়েছে।
ম্যাচের শেষাংশে ১০ জনের দলে পরিণত হয়েছিল তুরস্ক। বদলি ফরাসি তারকা ব্র্যাডলি বারকোলাকে বক্সের বাইরে ফাউল ও হ্যান্ডবল করায় ভিএআর পর্যালোচনার পর তুর্কি গোলরক্ষক উগুরকান চাকিরকে সরাসরি লাল কার্ড দেখান জার্মান রেফারি। শেষ পর্যন্ত অঘটন না ঘটলেও ফ্রান্সের ডাগআউটে চিন্তা একটাই, এমবাপের চোট কতটা মারাত্মক! সোমবার বেলজিয়ামের বিরুদ্ধে নেশনস লিগের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে এমবাপ্পের ফিটনেসই এখন জিদানের জন্য সবচেয়ে বড় মাথাব্যথার বিষয়।
তথ্যসূত্র: আল জাজিরা
