বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অফিসিয়াল ম্যাচের মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মেসির সংবর্ধনা ও বিদায়ের এই আবেগঘন রাতে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে আর্জেন্টিনার প্রতিপক্ষ- পশ্চিম আফ্রিকার তুলনামূলক অপরিচিত দল ‘বেনিন’। তবে আন্তর্জাতিক অঙ্গনে নামের ভার কম হলেও নিজেদের সাম্প্রতিক ফর্ম আর অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে আর্জেন্টিনার ঐতিহাসিক মঞ্চে পা রাখছে বেনিনের এই ‘চিতা’রা।

ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা রয়েছে বিশ্বসেরাদের দ্বিতীয় স্থানে, অন্যদিকে বেনিনের অবস্থান ৯৩ নম্বরে। খাতা-কলমে ৯১ ধাপের বিশাল ব্যবধানে মেসি-মার্টিনেজদের সহজ জয় অবধারিত মনে হলেও, সাম্প্রতিক পারফরম্যান্সে তাক লাগিয়ে দিয়েছে বেনিন।
২০২৭ সালের আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে বুর্কিনা ফাসোর সঙ্গে ড্র এবং মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে তারা। শেষ ছয় ম্যাচের মাত্র একটিতে হেরে দুর্দান্ত আত্মবিশ্বাসে ফুটছে দলটি। নিরেট রক্ষণ আর সুযোগ পেলেই দ্রুত গোল তুলে নেওয়ার এই ক্ষিপ্রতাই আর্জেন্টিনার বিরুদ্ধে অলৌকিক কিছু ঘটানোর স্বপ্ন দেখাচ্ছে আফ্রিকার আফকন দাবিদারদের।

আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচের অন্তরালে লুকিয়ে রয়েছে এক অদ্ভুত ও রোমাঞ্চকর গল্প! বেনিনের বর্তমান কোচ জেরনোট রোর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে নাইজেরিয়ার দায়িত্বে ছিলেন, যেখানে আর্জেন্টিনায় মেসির করা সেই আইকনিক গোলে ২-১ ব্যবধানে হেরেছিল নাইজেরিয়া। সেই ম্যাচ শেষেই মেসির ১০ নম্বর জার্সি সংগ্রহ করেছিলেন রোর, আশা ছিল কখনো বিশ্বসেরার অটোগ্রাফ নিয়ে গল্পটা শেষ করবেন।
কিন্তু এতদিনেও সেই অটোগ্রাফ নেওয়া হয়নি তাঁর। বহু বছর পর আবার বুয়েনস আইরেসের মাঠে মেসির মুখোমুখি হয়ে রোর পাচ্ছেন সেই বকেয়া অটোগ্রাফটি পূর্ণ করার মোক্ষম সুযোগ। একদিকে পুরো আর্জেন্টিনা প্রস্তুত মেসির ঐতিহাসিক বিদায় স্মরণীয় করে রাখতে, অন্যদিকে বেনিন মুখিয়ে আছে ইতিহাস গড়ে চিরস্মরণীয় মুহূর্ত উদযাপনে!
