মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ পর্ব শুরু হতে যাচ্ছে চলতি সপ্তাহেই, আর বরাবরের মতোই ফুটবল বিশ্বের সব আলো এখন লিওনেল মেসি ও তাঁর দল ইন্টার মায়ামির ওপর। প্রায় ১৫ বছরের মধ্যে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার অর্থাৎ ‘ব্যাক-টু-ব্যাক’ এমএলএস কাপ শিরোপা জয়ের হাতছানি নিয়ে মাঠে নামছে ফ্লোরিডার ক্লাবটি।
মায়ামির নিয়মিত মৌসুমটি খুব একটা মসৃণ ছিল না। কোচ পরিবর্তন এবং ঘরের মাঠে হতাশাজনক পারফরম্যান্সের কারণে বেশ চড়াই-উতরাই পার করতে হয়েছে দলটিকে। কিন্তু ৩৯ বছর বয়সেও লিওনেল মেসি বারবার প্রমাণ করেছেন, তাঁকে কখনোই হিসাবের বাইরে রাখা যায় না। চলতি মৌসুমে ২৬টি গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করে টানা দ্বিতীয়বারের মতো ‘গোল্ডেন বুট’ জিতে নিয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর। শুধু তাই নয়, ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনটি এমএলএস ‘এমভিপি’ (সেরা খেলোয়াড়) পুরস্কার জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি।

তবে ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেজের দলটিকে কেবল একজনের ওপর নির্ভরশীল বললে ভুল হবে। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান অর্জন করা এই তারকাবহুল দলটিতে মেসির যোগ্য সঙ্গী হিসেবে আছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ, যিনি মৌসুমে ১৭টি গোল করেছেন। এছাড়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও মাঝমাঠে দলের বড় ভরসা।
তবুও ২০১১ ও ২০১২ সালে এলএ গ্যালাক্সির পর প্রথম দল হিসেবে টানা দুইবার শিরোপা জিততে হলে মেসির পা থেকে আরও কিছু জাদুকরী মুহূর্তের প্রয়োজন হবে মায়ামির—যেভাবে গত বছর ৬ গোল ও ৯ অ্যাসিস্ট করে দলকে প্রথম এমএলএস কাপ জিতিয়েছিলেন তিনি। শনিবার ঘরের মাঠে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে মায়ামি। এর আগে বৃহস্পতিবার অরল্যান্ডো সিটি ও এফসি সিনসিনাটি এবং সিয়াটল সাউন্ডার্স ও রিয়াল সল্ট লেকের মধ্যকার ওয়াইল্ড-কার্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এক মাসব্যাপী এই প্লে-অফ লড়াইয়ের।
মায়ামির এই শিরোপা জয়ের স্বপ্নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ইস্টার্ন কনফারেন্সেরই প্রতিদ্বন্দ্বী ন্যাশভিল এসসি। দুর্দান্ত ফর্মে থাকা দলটি নিজেদের ইতিহাসে প্রথম এমএলএস কাপ জিতে স্মরণীয় বছরটির মধুর সমাপ্তি টানতে মরিয়া। নিয়মিত মৌসুমে রেকর্ড ৭৭ পয়েন্ট অর্জন করে ‘সাপোর্টার্স শিল্ড’ জিতে নিয়েছে তারা। মিডফিল্ডার হ্যানি মুখতার ও ফরোয়ার্ড স্যাম সারিজ জুটি মিলে মৌসুমে করেছেন ৩৮ গোল, আর ঘরের মাঠে পুরো মৌসুম জুড়ে অপরাজিত ছিল দলটি।

তবে বিজে ক্যালাহানের শিষ্যদের মাঠে লড়াইয়ের পাশাপাশি পুরোনো কুসংস্কারও জয় করতে হবে; কারণ গত ১৪ মৌসুমে সাপোর্টার্স শিল্ড জয়ী মাত্র দুটি দল শেষ পর্যন্ত এমএলএস কাপ জিততে পেরেছে। রোববার অরল্যান্ডো ও সিনসিনাটির মধ্যকার জয়ী দলের বিপক্ষে প্লে-অফ মিশন শুরু করবে ন্যাশভিল।
অন্যদিকে, ওয়েস্টার্ন কনফারেন্সে শীর্ষ বাছাই ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস নামছে প্রতিশোধের নেশায়। গত বছরের ফাইনালে মায়ামির কাছে ৩-১ গোলে হৃদয়বিদারক হারের বদলা নিতে আবারও ফাইনালে ফিরতে চায় তারা। জেসপার সোরেনসেনের দলটি ইতিহাসে প্রথমবারের মতো ওয়েস্টার্ন কনফারেন্সের নিয়মিত মৌসুমের শিরোপা জিতেছে এবং একই সঙ্গে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ জয় (১৯), সর্বোচ্চ পয়েন্ট (৬৪) ও সর্বোচ্চ গোলের (৭৪) নতুন রেকর্ড গড়েছে।
যদিও মৌসুমের মাঝপথে মার্কিন মিডফিল্ডার সেবাস্টিয়ান বারহাল্টারের বিদায় দলটির জন্য কিছুটা ধাক্কা হয়ে এসেছে, তবে এবার শিরোপা ঘরে তুলতে হলে অভিজ্ঞ জার্মান তারকা টমাস মুলারের পুরোপুরি ফিট থাকা ভ্যাঙ্কুভারের জন্য অত্যন্ত জরুরি। রোববার সিয়াটল সাউন্ডার্স অথবা রিয়াল সল্ট লেকের মুখোমুখি হবে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।
তথ্যসূত্র: রয়টার্স
