বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,‘সুন্দর সহযোগিতা পেলে তরুণরা আকাশ জয় করতে পারে। আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তরুণদের নতুন ভাবনা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখার আহ্বান জানান। তাদের মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ‘অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।’
এর আগে এক দিনের সফরে বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন শেষে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
