মাথাভর্তি সোনালি চুল আর রাজকীয় চালচলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ আন্তর্জাতিক অঙ্গন এখন কাঁপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের একটি মহিষ। গৃহস্থ তার নাম দিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের একটি খামারে লালন-পালন করা ৭০০ কেজি ওজনের অ্যালবিনো (শ্বেত) জাতের মহিষ এটি। অদ্ভুত সুন্দর ও গোলাপি বর্ণের এই মহিষটির মাথাভর্তি চুল দেখতে অনেকটা ট্রাম্পের চেনা হেয়ারস্টাইলের মতো হওয়ায় খামারিরা ভালোবেসে তার নাম দিয়েছেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক সংবাদ ও বার্তা সংস্থা এএফপি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই মহিষটির ছবিসহ একটি পোস্ট দিলে মুহূর্তেই তা বিশ্বজুড়ে হৈচৈ হয়ে পড়ে। এএফপি তাদের ফেসবুক পোস্টে ছবিটির ক্যাপশনে লেখে— ‘গরুর সেনাপতি: বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।; আন্তর্জাতিক গণমাধ্যমের এই বিশেষ প্রচারণার পর থেকে নেটদুনিয়ায় মহিষটিকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে।
ঢাকার কাছে নারায়ণগঞ্জে অবস্থিত এই খামারে মে মাসজুড়েই কৌতূহলী দর্শনার্থীদের ভিড় লেগে আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হওয়ার পর শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ মহিষটিকে একনজর দেখতে এবং তার সাথে ছবি তুলতে খামারে আসছেন।

মহিষটির মালিক জিয়া উদ্দিন মৃধা বার্তা সংস্থা এএফপিকে বলেন, মহিষটির মাথায় সোনালি চুলের বাহার দেখে তার ছোট ভাই ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে এই নামকরণ করেন। সাড়ে তিন বছর বয়সী এই মহিষটির প্রধান বৈশিষ্ট্য হলো তার রাজকীয় ভাব।
জিয়া উদ্দিন মজা করে বলেন, তার একমাত্র বিলাসিতা হলো দিনে চারবার গোসল করা। তবে তিনি হাসতে হাসতে যোগ করেন, ট্রাম্পের সঙ্গে মহিষটির মিল কেবল চুলেই সীমাবদ্ধ।
খামার কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর কোরবানির ঈদের এক মাস পর রাজশাহী সিটি পশুর হাট থেকে এই অ্যালবিনো মহিষটি কেনা হয়। এরপর থেকে খামারে বিশেষ যত্নে সেটিকে লালন-পালন করা হচ্ছে। মহিষটি ইতিমধ্যে লাইভ ওয়েট (জীবন্ত ওজন) হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। সেই হিসাবে ৭০০ কেজি ওজনের মহিষটির বিক্রয়মূল্য দাঁড়িয়েছে তিন লাখ ৮৫ হাজার টাকা। ঈদুল আজহার ঠিক আগে ক্রেতা মহিষটি খামার থেকে নিয়ে যাবেন।

খামারের পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প’-এর স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত বিশেষ যত্ন ও পরিচর্যা করা হয়। প্রতিদিন দুই বেলা সময় মেনে তাকে খাবার দেওয়া হয়। তার দৈনিক খাদ্যতালিকায় আছে ভুট্টা, সয়াবিন, খইল, গমের ভুসি, তিলের খইল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস।
প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অ্যালবিনো বা শ্বেতবর্ণের মহিষ খুবই বিরল। শরীরে মেলানিনের ঘাটতির কারণে এ ধরনের প্রাণীর গায়ের রং সাদা বা গোলাপি দেখায় এবং এদের চোখের মণি ও চুলও ভিন্ন রঙের হয়ে থাকে।
এদিকে এএফপির ফেসবুক পেজে পোস্টটি শেয়ার করার পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেটিজেনরা এই পোস্টে লাইক, রিঅ্যাকশন ও শেয়ারের মাধ্যমে ব্যাপক এঙ্গেজমেন্ট তৈরি করেছেন। তবে পোস্টটির কমেন্ট সেকশনে চোখ রাখলে দেখা যায় বেশিরভাগ বাংলাদেশিদের। এএফপির দেওয়া রসাত্মক ক্যাপশন এবং মহিষটির বিচিত্র নামকরণ নিয়ে বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীরা নানামুখী মন্তব্য ও কৌতূকে মেতে উঠেছেন। কয়েক দিনের মধ্যেই কোরবানি হতে যাওয়া এই ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কল্যাণে বৈশ্বিক সোশ্যাল মিডিয়ায় এক দারুণ আলোড়ন সৃষ্টি করেছে।
