ভোরে শুরু ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৩:০২ পিএম

মাঠ ও মাঠের বাইরের চরম অস্থিরতা আর একরাশ চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে শুরু হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ অভিযান। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, বাংলাদেশ সময় ভোর ৪টায় ‘সেলিসাও’ বাহিনী তাদের প্রথম গ্রুপ ম্যাচে মুখোমুখি হচ্ছে মরক্কোর।

২০২২ বিশ্বকাপের পর এই মরক্কোই প্রথম দল হিসেবে ব্রাজিলকে হারিয়েছিল, তাই প্রথম ম্যাচেই কার্লো আনচেলত্তির শিষ্যদের কঠিন পরীক্ষা দিতে হবে। দীর্ঘ ২৪ বছর ধরে ট্রফি না পাওয়ার আক্ষেপ আর অতীতের গৌরবময় দিনগুলোর নস্টালজিয়া বুকে নিয়ে হেক্সা মিশন শুরু করছে ল্যাটিন পরাশক্তিরা।


রিও ডি জেনেইরো থেকে আমেরিকার উইন্ডসর, দীর্ঘ ১৮ দিনের নিবিড় প্রস্তুতি এবং আনচেলত্তির অধীনে মাত্র এক বছরের সংক্ষিপ্ত চক্রের যাবতীয় সমীকরণ আজ মাঠের পারফরম্যান্সে প্রমাণিত হবে।

ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় ধাক্কা হলো তাদের প্রাণভ্রমরা নেইমারের অনুপস্থিতি। ডান পায়ের কাফ ইনজুরির কারণে ভোরে মাঠে নামতে পারছেন না তিনি; তবে হাইতির বিপক্ষে পরবর্তী ম্যাচে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে। দেশের সর্বকালের সেরা ফুটবলারের এই ‘ইনজুরি ভূত’ কাটিয়ে ওঠার মূল দায়িত্ব এখন ২৫ বছরের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের কাঁধে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচের পাশে বসা ভিনির মুখে কখনো দৃঢ়তার ছাপ, আবার কখনো এক চিলতে আশার হাসি দেখা গেছে।


ব্রাজিলের দীর্ঘ ২৪ বছরের ট্রফি খরা আর নিজের বয়সের সমীকরণ টেনে ভিনিসিয়াস বলেন, আমরা এখানে চ্যাম্পিয়ন হতেই এসেছি। বিশ্বমঞ্চে নামার পর আগের সবকিছু রিসেট হয়ে যায়। আমরা ব্রাজিলকে আবারও ফুটবলের শীর্ষস্থানে ফিরিয়ে নিয়ে যেতে চাই, যেখানে চিরকাল ব্রাজিলের থাকা উচিত ছিল। এই আনন্দের যাত্রায় আমরা দেশের প্রতিটি মানুষের পূর্ণ সমর্থন চাই।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং র‍্যামন মেনেজেস, ফের্নান্দো দিনিজ ও দরিভাল জুনিয়রের মতো একের পর এক ব্রাজিলিয়ান কোচের ব্যর্থতার পর গত বছর ইতালীয় মাস্টারমাইন্ড আনচেলত্তিকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়। যদিও তিনি এখনো সাম্বার সেই চিরচেনা মনমাতানো ফুটবল ফিরিয়ে আনতে পারেননি, তবে একটি লড়াকু দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।


নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ নিয়ে কিছুটা রসিকতা ও দর্শনের আশ্রয় নিয়ে আনচেলত্তি বলেন, ভয় হলো জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আপনার মনে যদি কোনো ভয় না থাকে এবং আপনি যদি হঠাৎ একটি সিংহের মুখোমুখি হন, তবে ওটিকে আপনার শুধুই বিড়াল মনে হতে পারে; আর পরিণামে সিংহটি আপনাকে খেয়ে ফেলবে! তবে, আমাদের দল শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত এবং আমরা অত্যন্ত আশাবাদী। ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দলটির কোচ হতে পেরে একে নিজের ক্যারিয়ারের এক পরম সম্মান ও সুন্দর মুহূর্ত বলে অভিহিত করেন তিনি।

দলের একাদশে সাসপেন্স ও সম্ভাব্য লাইনআপ: ম্যাচের আগে দুই দলের কেউই তাদের শুরুর একাদশ নিয়ে পরিষ্কার কোনো আভাস দিতে চাননি। তবে প্রস্তুতি পর্বে জানা গেছে, ব্রাজিলের ডিফেন্সে ফ্লেমেঙ্গোর দুই অভিজ্ঞ তারকা দানিলো এবং অ্যালেক্স সান্দ্রোকে উইং-ব্যাকে দেখা যেতে পারে। মাঝমাঠে লুকাস পাকেতা আক্রমণভাগের ত্রয়ী, রাফিনহা, ভিনিসিয়াস এবং সেন্ট্রাল স্ট্রাইকার মাথেউস কুনহাকে বল জোগান দেওয়ার দায়িত্বে থাকবেন। কুনহার সাথে স্ট্রাইকার পজিশনের জন্য লড়াইয়ে আছেন ইগর থিয়াগো।


ইনজুরির কারণে ফুল-ব্যাক ওয়েসলি স্কোয়াড থেকে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে এদেরসনকে দলে নেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পেনাল্টি মিস করে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত আর্সেনাল ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াশ আজ অধিনায়ক মার্কিনহোসের সাথে সেন্ট্রাল ডিফেন্সে জুটি বাঁধবেন।

ফলে গত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ১১ জন খেলোয়াড়ের মধ্যে ৮ জনই ব্রাজিলের হয়ে মাঠে নামছেন। অন্যদিকে, মরক্কো শিবিরেও ইনজুরির কারণে নায়েফ আগুয়ের্দ ও আবদে ইজ্জালজুলির মতো তারকারা ছিটকে যাওয়ায় নতুন কোচ মোহাম্মদ ওয়াহবির অধীনে তরুণদের ওপর ভরসা রাখছে ‘অ্যাটলাস লায়ন্স’রা।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনহোস, গাব্রিয়েল ম্যাগালহেস, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রাফিনহা, মাথেউস কুনহা এবং ভিনিসিয়াস জুনিয়র।

মরক্কোর সম্ভাব্য একাদশ: বোনো (গোলরক্ষক), আশরাফ হাকিমি, ইসা দিওপ, চাদি রিয়াদ, নুসাইর মাজরাউই, এল আইনাউই, আইয়ুব বুয়াদ্দি, আজজেদিন উনাহি, ব্রাহিম দিয়াজ, শেমশাদিন তালবি এবং ইসমায়েল সাইবারি।

এআরএস
২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি জয়ের অন্যতম হট ফেভারিট এবং ইউরো ২০২৪-এর চ্যাম্পিয়ন স্পেন প্রথম ম্যাচেই এক চরম লজ্জাজনক ধাক্কা খেল। সোমবার আটলান্টার মাঠে ফিফা র‍্যাংকিংয়ের ৬৪ নম্বরে থাকা পুচকে আফ্রিকান...
উত্তর আমেরিকার ফিফা বিশ্বকাপে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায় ক্যালিফোর্নিয়ার ইংলেউডের চোখ ধাঁধানো সোফাই স্টেডিয়ামে শুরু হচ্ছে জি-গ্রুপের এক রোমাঞ্চকর মাঠের লড়াই। মুখোমুখি হচ্ছে ফিফা র‍্যাঙ্কিংয়ের...
ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এমন নজিরবিহীন এবং রোমাঞ্চকর ঘটনা আগে কখনো ঘটেনি! এই প্রথম বিশ্বকাপের কোনো আয়োজক দেশ এমন এক ফুটবল দলকে স্বাগত জানাল, যাদের দেশের সাথে তারা নিজেরা সরাসরি...
কাতার বিশ্বকাপের সেই অবিস্মরণীয় মুহূর্তটি ফুটবলপ্রেমীরা নিশ্চয়ই ভুলে যাননি, যেখানে প্রথম ম্যাচেই লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল সৌদি আরব। আর্জেন্টিনা সেই...
দীর্ঘ সাড়ে তিন মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর লক্ষ্যে অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি সই হয়েছে। সোমবার, ফ্রান্সের জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে মার্কিন...
২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি জয়ের অন্যতম হট ফেভারিট এবং ইউরো ২০২৪-এর চ্যাম্পিয়ন স্পেন প্রথম ম্যাচেই এক চরম লজ্জাজনক ধাক্কা খেল। সোমবার আটলান্টার মাঠে ফিফা র‍্যাংকিংয়ের ৬৪ নম্বরে থাকা পুচকে আফ্রিকান...
২০২৭ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই ডিসেম্বরের মধ্যেই দেশের সকল স্কুলে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর