আওয়ামী লীগের স্বার্থ পরিপন্থী কর্মকান্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে শোকজ চিঠি দিয়েছে আওয়ামী লীগ।
রোববার (৩ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। কারণ দর্শানোর চিঠিতে সই করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাহাঙ্গীর আলম সরকারকে আগামী ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
চিঠিতে লেখা আছে, "অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত আপনার বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। যা বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ পরিপন্থী কর্মকান্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল এবং সংগঠনের গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় সংগঠনের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ কড়া হবে না, তার ব্যাখ্যাসহ আপনার লিখিত জবাব বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আগামী ১৫ দিনের মধ্যে প্রেরণের নির্দেশনা প্রদান কড়া হচ্ছে।"
আরও পড়ুন: পাসপোর্ট সংশোধনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের গোপনে ধারণ করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু, গোয়েন্দা সংস্থা ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা–কর্মীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতারা।
এ ঘটনার প্রতিবাদে শনিবার (২ অক্টোবর) বিকেলে টঙ্গীর বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এসময় তাঁরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে মেয়রের বহিষ্কার দাবি করেন।
একাত্তর/এসজে
