মানিকগঞ্জে প্রাইভেটকার চালক আনোয়ার হোসেন খোকা হত্যা মামলায় ছয় আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের রায় দিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
রোববার (২৪ অক্টোবর) বিকেলে দুইজন আসামীর উপস্থিতিতে বিচারক উপরোক্ত রায় প্রদান করেন।
দণ্ড প্রাপ্তরা হলেন, ঢাকার সাভারের জোরলপুর কান্দার চর এলাকার চান মিয়া ছেলে হাসান মিয়া ও ইজু মিয়া, একই এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম মাহমুদ, হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার ইসমাইলের হোসেনের ছেলে মনির হোসেন, একই এলাকার ওহাব আলীর ছেলে দারোগ আলী ও বাগেরহাটের শরনখোলার থানার দক্ষিণ রাজাপুর এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম।
রাষ্টপক্ষের আইনজীবী এপিপি নিরঞ্জন বসাক জানান, ২০১২ সালের ১৪ জুলাই রাত ১০টার দিকে রাজধানীর মিরপুরের বাসাবাড়ি থেকে প্রাইভেটকার চালিয়ে সাভারের হেমায়েতপুরে উদ্দেশ্যে রওনা দেন চালক আনোয়ার হোসেন খোকা। এর পর রাত ১১টার দিকে আনোয়ার হোসেনের স্ত্রী পাপিয়া আক্তার ও পরিবারের লোকজন মোবাইল ফোনে করলে তার মোবাইল ফোনটি অপরিচিত একজন ব্যক্তি রিসিভ করেন। ওই ব্যক্তি জানান আনোয়ার মোবাইল চার্জে দিয়ে ভাড়ায় চারজন যাত্রী নিয়ে সিলেটের জাফলং গেছে। এর দুই দিন পরে মানিকগঞ্জ সদর থানার অরঙ্গবাদ এলাকার হাকিম আলীর মৎস্য খামারের পাশ থেকে অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করে পুলিশ। আনোয়ারের পরিবারের লোকজন মানিকগঞ্জ মর্গে গিয়ে লাশ সনাক্ত করে লাশটি চালক আনোয়ার হোসেন।
এঘটনায় নিহতের বড় ভাই মো.আতিকুল ইসলাম বাদি মামলা করেন। ২০১৩ সালের ৬ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার বিকেলে দুই আসামী দারোগ আলী ও আব্দুর রহিমের উপস্থিতিতে এ রায় দেন।
একাত্তর/এআর
