কিছুদিন আগেই খবর রটেছিলো এবারের বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিততে চলেছেন পিএসজি ও আর্জেন্টিনার মহাতারকা লায়োনেল মেসি। এরিমধ্যে নাকি তাকে সেটা জানানোও হয়েছে। রীতি অনুযায়ী মেসির সাক্ষাৎকারও নিয়েছে ফরাসি সাময়িকী ফ্রেঞ্চ ফুটবল।
এমন ধরনের দাবিই করেছিলো স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম আরটিপি স্পোর্টস। সেই খবর পরে ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন ক্রীড়া সাময়িকীতে। যদিও এনিয়ে কোন কথা বলেননি মেসি।
তবে এসব খবরকে ‘আস্ত ধোঁকা’ বলে উড়িয়ে দিয়েছেন ফ্রেঞ্চ ফুটবলের প্রধান সম্পাদক। এখানে বলে রাখা ভালো, বিখ্যাত এই ফুটবল সাময়িকীই ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে আসছে।
ফ্রেঞ্চ ফুটবলের প্রধান সম্পাদক প্যাসকেল ফের জার্মান পত্রিকা বিল্ডকে বলেছেন, ‘এসব একেবারেই বাজে খবর। এখন পর্যন্ত বিজয়ী ঠিকই হয়নি। একদম উড়ো খবর, ধোঁকাবাজি’।

করোনা মহামারীর কারণে গেল বছর ব্যালন ডি’অর দেওয়া হয়নি। তাই এবার প্যারিসে ২৯ নভেম্বর বেশ জমকালো আয়োজনে তুলে দেওয়া হবে বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার।
এবারের পুরস্কার জয়ে তালিকার প্রথম দিকেই আছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। অনেকের মতে রেকর্ড সপ্তমবার এই গোল্ডেন বলে একহাত দিয়েই ফেলেছেন মেসি।
তবে ভোটের পেছনে যারা আছেন, তারা তো বলেই দিয়েছেন, এখনও পর্যন্ত কোন বিজয়ী নির্ধারিত হয়নি। ফলে আগাম খবর চাউর করা অবান্তর।
লায়োনেল মেসি চলতি বছরে আর্জেন্টিনার হয়ে প্রথমবার কোপা আমেরিকা জিতেছেন, যা তার ক্যারিয়ারের প্রথম কোন আন্তর্জাতিক সাফল্য। অন্যদিকে, গেলো মৌসুমে বার্সেলোনার হয়ে ৩০ গোল করে হয়েছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতাও।
আরও পড়ুন: রাতে পাকিস্তান-অস্ট্রেলিয়ার সেয়ানে সেয়ানে টক্কর
গেলো গ্রীষ্মে নাটকীয় ঘটনায় বার্সেলোনা থেকে মেসি যোগ দেন পিএসজিতে। দলটির হয়ে লিগ ওয়ানে কোন গোল করতে না পারলেও, চ্যাম্পিয়ন্স লিগে তিনবার বলে জালে পাঠিয়েছেন মেসি।
এবারের ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে মেসি ছাড়াও আছেন, বুরুশিয়া ডর্টমুন্ড ও নরওয়ের ফরোয়ার্ড আরলিং হ্যাল্যান্ড, বায়ার্ন ও পোল্যান্ডের স্ট্রাইকার লেভানদোভস্কিকে, পিএসজি ও ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগালের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।
একাত্তর/এসজে
