বাগেরহাটেr চন্দ্রমহল ইকোপার্ক থেকে ১৬ প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী এবং বেশ কয়েকটি বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর এলাকায় ওই ইকোপার্কে র্যাব ও বন্যপ্রাণী এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
আইনবহির্ভূতভাবে বন্যপ্রাণী সংরক্ষণের অপরাধে ইকোপার্কের ব্যবস্থাপক মোহাম্মদ আলী চাকলাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উদ্ধারকৃত বন্যপ্রাণীর মধ্যে রয়েছে দুইটি হরিণ, একটি কুমির, একটি হনুমান, পাঁচটি বানর, একটি ময়ুর, দুইটি উটপাখি, পাঁচটি অস্ট্রেলিয়ান ঘুঘু, দুইটি কচ্ছপ, সাতটি বক এবং দুইটি মাছমুতাল পাখি।
আরও পড়ুন: কাঁকড়াবিছার কামড় খেয়ে হাসপাতালে চারশ' জন!
এছাড়া সেখান থেকে আরও ছয়টি হরিণের চামড়া এবং ছয়টি শিং, একটি ভাল্লুকের চামড়া, একটি ক্যাঙ্গারুর চামড়া ও একটি তিমির কঙ্কাল জব্দ করেছে র্যাব সদস্যরা।
র্যাব-৬ কোম্পানির কোম্পানি কমান্ডার আল আসাদ মো. মাফুজুল ইসলাম জানান, খবর পেয়ে চন্দ্রমহল ইকোপার্কে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সেখান থেকে বিভিন্ন প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী এবং বেশ কয়েকটি বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে ওই সব বন্যপ্রাণী এবং বন্যপ্রাণীর চামড়া সেখানে রাখা হয়। ইকোপার্ক কর্তৃপক্ষ ওইসব বন্যপ্রাণী রাখার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
