রংপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে। প্রায় এক বছর ১৫ জন সাক্ষী এবং পাঁচ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দিলেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোকনুজ্জামান এই আদেশ দেন।
ওই শিক্ষকের নাম মনোয়ারুল ইসলাম মিঠু। তিনি রংপুরের বদরগঞ্জ শ্যামপুর সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ৩০ জুন ওই শিক্ষকের ধর্ষণের শিকার হয় নবম শ্রেণির ওই শিক্ষার্থী।
আরও পড়ুন: গালি দিলেও আইন মোতাবেক চলবেন আইনমন্ত্রী
মামলায় তদন্ত কর্মকর্তা এসআই আরিফ আলি একই সালের ৩১ আগস্ট শিক্ষক মিঠুকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। আদালত একই বছরের ১২ নভেম্বর চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করে।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে শিক্ষক কর্তৃক এ ধরনের ধর্ষণের ঘটনা অত্যন্ত দুঃখজনক।
একাত্তর/এসি
