নিম্ন আদালতের বিচারকদের ব্যবহারের জন্য গাড়ি বরাদ্দ করেছে সরকার। এ সংক্রান্ত এক অনুষ্ঠানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বিচারকরা যেন সঠিকভাবে বিচারকাজ করতে পারে সেজন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে বিচারকদের মাঝে গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
আনিসুল হক বলেন, আমরা দেখেছি বিচারকরা রিকশা করে বা ট্যাক্সি করে কিংবা মাইক্রোবাসে করে চলাফেরা করতেন। সেই অবস্থা পরিবর্তন করার জন্য সব জেলা জজদের গাড়ি দেওয়া হয়ে গেছে। এরপর অতিরিক্ত জেলা জজদের গাড়ি দেওয়া হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার বিশ্বাস করে বিচার বিভাগের জন্য সঠিকভাবে অবকাঠামো বিন্যাস্ত করা গেলে বিচারকদের স্বাধীনভাবে বিচার করার ভিত্তি তৈরি হবে। সে কারণেই বিচার বিভাগের অবকাঠামো তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। ৬৪টি জেলায় ১০তলা বিশিষ্ট নতুন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি ভবন তৈরির প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩০টি জেলায় ম্যাজিস্ট্রেসি ভবন উদ্বোধন করা হয়েছে। বিচারকদের গাড়ি দেওয়ার মূল উদ্দেশ্যও তাই।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন পেয়ে কাউন্সিলর হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার
অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল, মানব পাচার ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের ব্যবহারের জন্য ১২ কোটি ১৩ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা মূল্যের ২৭টি কার এবং দুটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন।
এসময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার শাহাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একাত্তর/আরএইচ
