ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ি চাপায় নিহত সংবাদকর্মী আহসান কবির খানের (৫০) দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি সদর থানায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহতের ছেলে সাদমান শাহরিয়ার কাইস এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে যানা গেছে, ময়নাতদন্তের পর শুক্রবার সকাল ১১টার দিকে কবির খানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এরপর ঢাকা থেকে শুক্রবার মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে যান নিহতের স্ত্রী, সন্তানসহ পরিবারের লোকজন। রাতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় কবিরের শশুর বাড়ি সদর উপজেলার দেউলকাঠি বাজারে।
পরে সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় শিরজুগ গ্রামের বাড়িতে। মরদেহ বাড়িতে পৌঁছালে কবির খানের মা আমেনা বেগম, বোন তামান্না আক্তার ও বাবা আবদুল মান্নান খানের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে।
নিজ বাড়ির আঙিনায় দ্বিতীয় দফা জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই ও সংবাদকর্মী জহির ইলিয়াস খান। জানাজায় নিহতের পরিবার, সংবাদকর্মী ও স্থানীয়রা অংশ নেন।
আহসান কবির খান দৈনিক সংবাদের গ্রাফিক্স বিভাগে কাজ করতেন। পাশাপাশি তিনি গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসার সঙ্গেও সংশ্লিষ্ট ছিলেন। এর আগে তিনি দৈনিক প্রথম আলোতে কাজ করতেন।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্নের নির্দেশ
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পান্থপথ এলাকায় ডিএনসিসির একটি ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী আহসান কবির খান আহত হন। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী কলাবাগান থানায় একটি মামলা করেছেন। ময়লার গাড়িটি জব্দ করা হলেও, পুলিশ এখনো ওই গাড়ি চালককে আটক করতে পারেনি বলে জানান কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র।
একাত্তর/আরবিএস
