নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে পাঁচ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছে স্বাগতিকরা। এদিন মাঠে বল গড়িয়েছে ৮৭ দশমিক তিন ওভার। প্রথম সেশনে ২৭ ওভারে এক উইকেটে ৬৬, দ্বিতীয় সেশনে ২৭ ওভারে এক উইকেটে ৮১ ও শেষ সেশনে ৩০ দশমিত তিন ওভারে তিন উইকেটে ১১১ রান যোগ করেছে কিউইরা। বাংলাদেশের স্বস্তির জায়গাটা হয়তো এখানেই।
সকালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুমিনুল হক। সকালের শুরুতে কিউই ইনিংসে আঘাত হানলেও প্রথম দুই সেশন খুব একটা ভালো কাটেনি বাংলাদেশের। তবে তৃতীয় সেশনে বোলারদের দাপটে স্বস্তিতে দিনশেষ করে টাইগাররা। এদিন ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেয়েছেন কিউই টপঅর্ডার ব্যাটার ডেভন কনওয়ে।
১৮৬ বল মোকাবিলায় শতক পূর্ণ করেন কনওয়ে। শেষ পর্যন্ত মুমিনুল হকের বলে আউট হওয়ার আগে খেলে যান ২২৭ বলের মোকাবিলায় ১২২ রানের দুর্দান্ত ইনিংস। তিনি বাংলাদেশ দলের চতুর্থ শিকার।
তার আগে ৫২ রান করে ফিরে যান অপর ওপেনার উইল ইয়ং। আউট হওয়ার আগে তিনি কনওয়ের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়ে গেছেন। রান আউটের শিকার হয়েছেন এই ব্যাটার। এরপর কনওয়ে ও অভিজ্ঞ রস টেইলর ৫০ রানের জুটি গড়েন। তখন আবারও বাংলাদেশ শিবিরে উৎসবের উপলক্ষ এনে দেন শরিফুল। সাদমান ইসলামের হাতে ক্যাচ তুলে দেন টেইলর।
আরও পড়ুন: ইংরেজি বর্ষবরণ: ফানুসে আগুন, পটকায় আতঙ্ক
আর দিনের একেবারে শেষ সময়ে টম ব্লানডেলকে বোল্ড করে দেন পেসার এবাদত হোসেন। তার কল্যাণেই দিনটিকে এককভাবে নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড। এরপরই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন ম্যাচ রেফারি।
বাংলাদেশের পক্ষে শরিফুল দুইটি, এবাদত ও মুমিনুল নিয়েছেন একটি করে উইকেট।
একাত্তর/এসি
