পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের তুলাতলী হাসপাতাল সংলগ্ন সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাস্তায় পিষ্ট হয়ে আবদুস সোবাহান (৬০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের বাড়ি তুলাতলী গ্রামে। তিনি একই গ্রামের মৃত দ্বিজেন্দ্র সরকারের ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ খায়ের জানান, পেশায় মধু আহরণকারী আবদুস সোবাহান সন্ধ্যার দিকে রাস্তা পার হচ্ছিলেন। এসময় কুয়াকাটা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মিমজাল পরিবহনের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার পথে তাকে চাপা দেয়।
আরও পড়ুন: প্রধান শিক্ষকের ওপর সহকারি শিক্ষকের হামলা
এতে তার মাথা থেঁতলে যায়। তাৎক্ষণিক তাকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তুলাতলী ২০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পরই চালক বাসটি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হলেও বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি এবং বাস চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
একাত্তর/এসজে
