ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার মোসাম্মাৎ লাকি মান্নান বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার মৃত্যুর পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী আব্দুল মান্নান।
শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় নিজ বাসায় তার মৃত্যু হয়। মোসাম্মৎ লাকি মান্নান উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য এবং ফরদাবাদ গ্রামের কলেজের পশ্চিম পাঁশে সৌদি প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী।
তিনি পার্শ্ববর্তী উপজেলার হোমনার রামকৃষ্ণপুর বাজারের পাণ ব্যবসায়ী কানু মিয়ার মেয়ে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।
স্বামী মান্নান সৌদি আরবে কর্মরত ছিলেন। স্ত্রীর নির্বাচনের জন্য সম্প্রতি তিনি ছয় মাসের ছুটি নিয়ে বাড়ীতে আসেন।
এলাকা ও পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোসাম্মৎ লাকি মান্নান জয়লাভ করেন এবং নির্বাচনে মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তিনদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল।
আরও পড়ুন: ২০০ কোটি হাতিয়ে নেয়া সমবায়ের হোতাসহ পাঁচ গ্রেপ্তার
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, শনিবার সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে স্বামীর সাথে অভিমান করে লাকি ঘরে থাকা বিষাক্ত ওষুধ পান করেন।
মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/এসজে
