মুক্তির ১৩ দিনের ভেতরেই ১০০০ কোটি রুপির ব্যবসা করেছে তেলেগু সিনেমা ‘আরআরআর’ (RRR)। মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিসের রেকর্ড ব্রেক করে চলছে সিনেমাটি। গত দুই সপ্তাহে, সিনেমার বাণিজ্য ছিল দেখার মত। ট্রেড বিশেষজ্ঞের মতে, প্রথম সপ্তাহে ৭০৯.৩৬ কোটি, দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে ৪১.৫৩ কোটি, দ্বিতীয় দিনে ৬৮.১৭ কোটি, তৃতীয় দিনে ৮২.৪০ কোটি, চতুর্থ দিনে ২০.৩৪ কোটি, পঞ্চম দিনে ১৭.৬১ কোটি, ষষ্ঠ দিনে ১৫.২৫ কোটি।
যদিও বক্স অফিসের রেকর্ড নিয়ে বিশেষ মাথাব্যথা নেই পরিচালক এস এস রাজামৌলী বা ছবির অভিনেতা রামচরণদের। আপাতত তাঁরা ব্যস্ত জমিয়ে এ ছবির সাফল্য উদ্যাপন করতে।
কুড়ির দশকে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে দুই স্বাধীনতা সংগ্রামীর লড়াইয়ের কাহিনিকে কাল্পনিক পটভূমিকায় ফেলেছেন পরিচালক রাজামৌলী। তাতে রামচরণদের সঙ্গ দিয়েছেন অলিভিয়া মরিসের মতো ইংলিশ বা অ্যালিসন ডোডি এবং রে স্টিভেনসনের মতো আইরিশ অভনয় শিল্পি।
মূলত তেলুগু ভাষায় হলেও রাজামৌলীর এ ছবিটি একসঙ্গে আরও পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। তেলুগুর পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দিতে।
‘আরআরআর’ সিনেমার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল না কোনও হিন্দি ছবিও, তাই রমরমা বাজার চালিয়েছে একাই। এমনিতেও রাজামৌলীর ছবি মানেই দর্শকদের আলাদাই উত্তেজনা।
অন্যদিকে এই সপ্তাহেই মুক্তি পাওয়ার কথা, বিজয় অভিনীত ‘বিস্ট’ এবং যশ অভিনীত ‘কে জি এফ চ্যাপ্টার ২’ এর। ধারণা করা হচ্ছে এই দুই ছবির কারণে একটু হলেও পিছিয়ে পড়তে পারে আরআরআর। সমগ্র ভারতবর্ষ এবার কে জি এফ ঝড়েই তোলপাড় হতে চলেছে, আন্দাজ করা হয়েছে এমনই। তবে এর মাঝেই আর আর আর এর হাজার কোটির ব্যবসা রীতিমতো বদলে দিয়েছে সব হিসাবনিকাশ।
একাত্তর/এসএ
