ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের তিন বছর পর দেশে ফিরেছেন পাঁচজন বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে আগরতলা থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন তারা।
চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ হোসাইন, মো. আব্দুল রহিম, মোহাম্মদ আলম ও মো. দিদার ২০১৯ সালে রামগড় দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর ত্রিপুরায় আটক হন।
আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশে ঠিকানা নিশ্চিত হবার পর তাদের দেশে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়।
আখাউড়া স্থলবন্দরের শূন্য রেখায় ফেরত আসাদের গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার কার্যালয়ের সহকারী রাষ্ট্রদূত আরিফ মোহাম্মদ, প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, এস এম আসাদুজ্জামান, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকসহ ভারত ফেরত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
পরে ওই পাঁচজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, ত্রিপুরা উচ্চ আদালতের এক রায়ে তাদেরকে পাঁচদিনের কারাবাস দেয়া হয়। তারা নিজেদের বাংলাদেশী বলে দাবি করলে তাদের আগরতলার নরসিংগড়স্থ ‘স্টেট ওল্ড এজ হোম’ এ রাখা হয়।
বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় তাদের জাতীয়তা নিশ্চিত শেষে তাদের নিজ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয় বলেও জানান তিনি।
একাত্তর/জো
