পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।
বৃহস্পতিবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনার সুজানগরের সুলতানা খাতুন (২৭) ও আতাইকুলার মোর্শেদা বেগম (৭০)।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে পাবনায় যাচ্ছিল মুহাম্মদ এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস। যানটি পাবনা-কাশিনাথপুর মহাসড়কের আতাইকুলার মধুপুর গোরস্তানের কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান ও বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। গুরুতর আহত অন্তত ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ দু'জনের মরদেহ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বাসের আহত যাত্রীরা পুলিশকে দিয়েছেন, বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা নিষেধ করলেও শোনেননি তিনি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।
একাত্তর/এআর
