কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণের জন্য ১০৫টি কেন্দ্রে একযোগে মক ভোটিং শুরু হয়েছে।
সোমবার (১৩ জুন) সকাল ১০টা থেকে এই মক ভোটিং কার্যক্রমের আয়োজন করেছে নির্বাচন কমিশন।
সরেজমিন, সকাল থেকে নগরীর বিভিন্ন কেন্দ্রে মক ভোটিংয়ে সাধারণ মানুষদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে পরীক্ষামূলক এই ভোট দেওয়া পদ্ধতিতে আগতরা সন্তুষ্টি জানিয়েছেন ইভিএমে ভোট পদ্ধতিতে।
ভোটাররার জানান, তারা ব্যালটের চেয়ে সহজে এবং দ্রুত ভোট দিতে পেরেছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, মক ভোটিংয়ে ভোটাররা ইভিএমের প্রতি সন্তুষ্টি জানিয়েছেন। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচনে পাঁচ মেয়র এবং সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর মিলে ১৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথমবারের মতো ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ৬৪০টি কক্ষে ভোটগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার ভোট দেবেন।
আরও পড়ুন: শ্রম আইনে ড. ইউনূসের মামলার কার্যক্রম দুমাস স্থগিত
তিনি আরও বলেন, সোমবার (১৩ জুন) রাত আটটায় শেষ হবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচার। কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সম্পন্ন হবে মঙ্গলবার। ১০৫টি কেন্দ্রে শুধু পুলিশের সদস্যই নিয়োজিত থাকবে তিন হাজারের বেশি। এছাড়া সাদা পোশাকের পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও থাকবেন কেন্দ্র পাহারা ও টহলে।
একাত্তর/এসি
