জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো- সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্প যথাক্রমে-নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ (শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হতে কাটা ওয়াপদা মোড় পর্যন্ত) ৪ লেনে উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ ২ লেনে উন্নীতকরণ (১ম সংশোধিত) প্রকল্প; বগুড়া শহর থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (এন-৫১৯) (১ম সংশোধিত) প্রকল্প; কিশোরগঞ্জ সড়ক বিভাগাধীন গৌরীপুর-আনন্দগঞ্জ-মধুপুর-দেওয়ানগঞ্জ বাজার-হোসেনপুর জেলা মহাসড়ক যথাযথমানে উন্নীতকরণ প্রকল্প; বরিশাল (দিনারেরপুল)-লক্ষীপাশা-দুমকী জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারে রাঙ্গামাটি নদীর উপর গোমা সেতু নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প; মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ জেলা মহাসড়ক (জেড-২৮০৭)-এর দিরাই শাল্লা অংশ পুনঃনির্মাণ প্রকল্প; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেশের গুরুত্বপূর্ণ ২৫টি (সংশোধিত ৪৬টি) উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন (৩য় সংশোধিত) প্রকল্প; জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প মর্ডানাইজেশন অফ পাওয়ার ডিস্ট্রিবিউশন-স্মার্ট গ্রিডস ফেজ-১ প্রকল্প এবং মর্ডানাইজেশন অ্যান্ড ক্যাপাসিটি ইনহ্যাচমেন্ট অব বিআরইবি নেটওয়ার্ক (ঢাকা-ময়মনসিংহ বিভাগ) প্রকল্প; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (ষষ্ঠ পর্যায়) প্রকল্প; এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আরএমইউ) স্থাপন প্রকল্প।
একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের অর্থায়ন পাঁচ হাজার ১৪২ কোটি ৫৫ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ চার হাজার ৯৫৬ কোটি ৭৫ লাখ টাকা।
সভার কার্যক্রমে অংশ নেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন; ভূমি মন্ত্রী সাইফুজ্জামান; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভার কার্যক্রমে অংশ নেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একাত্তর/এসি
