বগুড়ার ধুনটে আওয়ামী লীগ নেতাকে মারপিটের মামলায় এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি (বহিষ্কৃত) এমএ তারেক হেলালসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৫ জুন) দুপুরে এমএ তারেকসহ তিনজন আসামি বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী এডভোকেট খোদা বকস এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন, এমএ তারেক হেলালের ভাই আব্দুল আওয়াল ও নলডাঙ্গা গ্রামের আব্দুল আলিম।
জানা গেছে, গত ১০ মার্চ ধুনট সদর ইউনিয়নের সম্মেলনকে কেন্দ্র করে হুকুমআলী, ধুনট বাজার ও এলাঙ্গী বাজারে পৃথক পৃথক ভাবে আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সব ঘটনায় ধুনট থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: শেরপুরে আলাদা মাদক মামলায় দুইজনের কারাদণ্ড
এর মধ্যে এলাঙ্গী বাজারে সংঘর্ষের ঘটনায় এক গ্রুপের পক্ষে আওয়ামী লীগ নেতা মোজাফফর রহমান বাদী হয়ে গত ১৫ মার্চ আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান এমএ তারেক হেলালসহ ১০ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক মঞ্জুর মোর্শেদ মণ্ডল জানান, অনেক আগেই ওই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
