ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে সরকারি ইনজেকশন পাচারকালে র্যাবের গোয়েন্দার হাতে আটক হয়েছেন ফার্মাসিস্ট ইসমাইল হোসেন (৩৪)।
সোমবার (২৭ জুন) দুপুরে বহির্বিভাগের মেডিসিন স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি বহির্বিভাগের ঔষধাগারের ইনজেকশন শাখার দায়িত্বে ছিলেন।
উদ্ধার দুইশ’ পিচ নেলবান ইনজেকশনের আনুমানিক বাজার মূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা।
অভিযুক্তকে আটক করে প্রথমে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে নেয়া হয়। পরে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তাকে।
এরপর হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হকের নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
হাসপাতালের পক্ষ থেকে ওয়ার্ড মাস্টার বাশার বাদী হয়ে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম বলেন, অন্যায়কারী যেই হোক, কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন: যুক্তরাজ্যে এক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার প্রস্তাব
ইসমাইল হোসেন ঢামেক হাসপাতালে তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
একাত্তর/আরএ
