বান্দরবানের লামা উপজেলায় এক মোটরসাইকেল চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সোমবার (১১ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া এলাকার হাতিরঝিরি নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক মংয়োং থোয়াই মারমা (৩৫) আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বাবু পাড়ার বাসিন্দা মংচহ্লা মারমার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে রূপসীপাড়া ইউনিয়ন সদর বাজারে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব পুকখালী গ্রামের বাসিন্দা মো. জামাল হোসেন (২৭) ও পূর্বগুমাথলি গ্রামের মো. সাইমুনকে (২০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
এসময় স্থানীয়দের ধাওয়া খেয়ে পুতিয়া নামে অন্য একজন পালিয়ে যায় বলে জানা গেছে।
আহত মোটরসাইকেল চালক মংয়োং থোয়াই মারমা জানান, রাত সাড়ে ৯টায় রূপসীপাড়া বাজারে তিন যুবক শিলেরতুয়া যাওয়ার জন্য তার মোটরসাইকেল ভাড়া করেন। তিনজনের মধ্যে পুতিয়া নামের একজন তার পূর্বপরিচিত বলে ভাড়ায় যেতে রাজী হন মংয়োং মারমা।
যাত্রী নিয়ে রুপসীপাড়া-পূর্ব শীলেরতুয়া সড়কের হাতিরঝিরি নামক নির্জন স্থানে পৌঁছলে মোটরসাইকেল থামিয়ে কিছু বুঝে ওঠার আগেই মংয়োং মারমাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকেন ওই তিন যুবক।
এক পর্যায়ে মংয়োং মারমার হাত পা বেঁধে জবাই করার প্রস্তুতিকালে আরেকটি মোটরসাইকেল আসতে দেখে তারা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয়রা মংয়োং মারমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
এদিকে ঘটনার পরপরই রূপসীপাড়া বাজার থেকে মোবাইলে কল পেয়ে শিলেরতুয়া এলাকার স্থানীয় লোকজন পাহারা বসিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করেন এবং তাদের কাছ থেকে ছুরি, মোবাইল সেট ও ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করেন।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, ছুরিকাঘাতে আহত যুবকের বুকে সাতটি ও পিঠে দুইটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পেটে ছুরির আঘাতে তার নাড়ীভুঁড়ি বের হয়ে গেছে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আরও পড়ুন: ইউপি সদস্যের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, স্ত্রী ছুরিকাহত
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য আবু তাহের জানান, খবর পেয়ে তিনি লোকজন নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনের পাশাপাশি ঘাতকদের আটক করে থানায় সোপর্দ করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শিবেন বিশ্বাস জানান, মোটরসাইকেল চালক মংয়োং মারমাকে ছুরিকাঘাতের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার পরপরেই ছিনতাইকারীদের কাছ থেকে ছুরি, ভুক্তভোগীর মোবাইল সেট ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আহত মংয়োং মারমার ভগ্নীপতি বাদী হয়ে আটকদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলেও জানান এ কর্মকর্তা।
