প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে মন্ত্রী পরিষদ সদস্যদের খরচ কমানোর নির্দেশনা দিয়েছেন।
সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন। বৈঠকে প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। খবর বাসসের।
মন্ত্রীসভার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, মন্ত্রীদেরও তিনি (প্রধানমন্ত্রী) ভার্চুয়ালি যোগাযোগ বাড়াতে বলেছেন। অত ছোটাছুটি করার দরকার নেই গাড়ি নিয়ে, এ ব্যাপারে আগেও বলেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জ্বালানি, গ্যাস সংকট সারাবিশ্বে চলছে। এটা সবাই জানে। আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই। সংকটটা সামনের দিনগুলোতে আরো বাড়বে কি না, সেটা এ মুহূর্তে বলতে পারব না।
তিনি বলেন, জ্বালানি নিয়ে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। তাতে মনে হয়, পরিস্থিতি সামাল দিতে পারব। আমাদের এগুলো মেইনটেইন করতে হবে, কৃচ্ছ্রসাধন করতে হবে।
আরও পড়ুন: র্যাবের অভিযানে একাধিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরিবহন ভাড়া বাড়বে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ভাড়া বাড়বে কি না, তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ কথা এখন বলতে পারবো না। যখন বাড়বে তখন বলতে পারবো।
একাত্তর/আরএ
