আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।
শুক্রবার (১২ আগস্ট) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিএনপি নেতারা তাদের কর্মীদের রাজপথ দখলের নির্দেশ দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজপথ কারো পৈত্রিক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ, কাজেই অতীতের মত আবারো যদি রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
আওয়ামী লীগকে অচিরেই রাজপথে দেখা যাবে এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, বিএনপির হাঁকডাক লোক দেখানো, কর্মীদের চাঙ্গা রাখার অকৌশল মাত্র, তাদের এসব ব্যর্থতা ঢাকার কৌশলী অপপ্রয়াস ছাড়া আর কিছু নয়।
বিএনপি চায় সরকারে গিয়ে আবার লুটপাটের অবাধ সুযোগ সৃষ্টি করতে, আবার হাওয়া ভবন তৈরি করে দেশের অমিত সম্ভাবনার পথ রুদ্ধ করে অন্ধকার পথে হাঁটতে। এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জনগণ তাদের সে সুযোগ আর কখনো দেবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ বিরোধীদল হিসেবে বিএনপি নিজেরাই চাচ্ছে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে, দেশকে সংকটে ফেলে ঘোলা পানিতে মাছ শিকার করতে।
জনগণের প্রতি আস্থাহীন এক রাজনৈতিক দল বিএনপি। এ দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের রাজনৈতিক মেরুদণ্ড অত্যন্ত ভঙ্গুর।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায় কিন্তু নির্বাচনে যেতে ভয় পায়।
বিএনপি মহাসচিব নির্বাচিত হয়ে সংসদে যাবেন না, আবার অন্যদের সংসদে পাঠাবেন, - ওবায়দুল কাদের বিএনপির এমন লাজ-লজ্জাও তাদের প্রতি মানুষের আস্থাহীনতার মত তলানিতে গিয়ে ঠেকেছে বলে মনে করেন।
আরও পড়ুন: মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা
তত্ত্বাবধায়ক সরকার মীমাসিংত ইস্যু -সেটা ভুলে যাওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের বলেন, এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই।
আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়াই বিএনপির মঙ্গল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এসব দিবাস্বপ্ন দেখে কোন লাভ নেই।
একাত্তর/আরএ
