বিদেশি জাহাজ ‘আল কুবতানের’ খোলের অংশবিশেষ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে জোয়ারের পানিতে ভেসে এসেছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বঙ্গোপসাগরে বিদ্যমান লঘুচাপ ও দক্ষিণাঞ্চলের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর কারণে শক্তিশালী জোয়ারে খোলটি ভেসে আসে।
স্থানীয়রা জানান, জোয়ারে নিঝুম দ্বীপের দক্ষিণের চরে একটি বিদেশি জাহাজের খোল ভেসে আসে। গত কয়েক দিন ধরে জোয়ারের পানি নেমে যাওয়ায় সেটি সেখানে আটকে যায়। সেটিতে কোনো মালামাল না থাকলেও স্থানীয় লোকজন একনজর দেখার জন্য ভিড় করছেন।
নিঝুম দ্বীপের বাসিন্দা আজিম মাহমুদ বলেন, এটা দেখতে ফুটবল মাঠের মতো। আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। জোয়ারে এটি আমাদের নিঝুম দ্বীপে ভেসে এসেছে।
নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, নাবিকবিহীন ২০ ফুটের অধিক এ নৌযানটির ওপরের অংশ খোলা। সম্ভবত ভোলায় যে খোলটি ভেসে এসেছে এটি তার অংশবিশেষ। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জন বলেন, ভোলার চরফ্যাশন ও মনপুরার সীমান্তবর্তী ঢালচর ইউনিয়নের চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় আটকে থাকা জাহাজের খোলের অংশবিশেষ নিঝুম দ্বীপে আটকে আছে। কোস্টগার্ড এ কয়েকদিন এটি পাহারা দিয়েছে। নিঝুম দ্বীপে আটকে থাকা জাহাজের খোলের বিষয়ে স্থানীয় প্রশাসন ও নৌপুলিশকে জানানো হয়েছে।
একাত্তর/জো
