কক্সবাজার সদর উপজেলার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জিয়া উদ্দিন ফয়সাল হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড এবং দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজা পাওয়াদের প্রত্যেকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদেশও দিয়েছেন আদালত।
বুধবার (৩১ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের রেজাউল করিম প্রকাশ বুইল্ল্যানির ছেলে (২০), নুরুল হক (২২), রমজান আলী (২৪) এবং রুবেল (২০)।
যাবজ্জীবন সাজা পাওয়া দুইজন হলেন- একই এলাকার শাহীন উদ্দিন (১৯) এবং মনি আলম (১৯)।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, নিহত শিক্ষার্থী জিয়া উদ্দিন ফয়সালের বাড়ি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রাম। তিনি কক্সবাজার ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলেন। জিয়া উদ্দিন তার এলাকার মাদক ব্যবসার প্রতিবাদ ও বিক্রিতে বাধা দিতেন।
এতে মাদক কারবারিরা তার ওপর ক্ষিপ্ত ছিল। ২০১৬ সালের ১৬ এপ্রিল রাত আটটার দিকে পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের উত্তর পাশে মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে জিয়ার ওপর সশস্ত্র হামলা করে।
গুরুতর আহত অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি, নিহত এক
এ ঘটনায় নিহতের বাবা মো. নুরুল আনোয়ার বাদি হয়ে ৯ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, রাষ্ট্র পক্ষ মামলাটির সাক্ষী, আলামত প্রদর্শনসহ বিচারের জন্য প্রয়োজনীয় সবকিছু আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। ফলে বিচারক মামলাটি দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণা করতে পেরেছেন। এ রায়ে আমরা খুশি।
একাত্তর/এসি
