থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে (শিশু দিবাযত্ন কেন্দ্র) সাবেক এক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলি ও ছুরি হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। জানা গেছে, নিহতদের মধ্যে ২৩ জনই শিশু।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, থাইল্যান্ডের উত্তর-পূর্ব দিকের নং বুয়া লাম্পু প্রদেশের এই হতাহতের ঘটনার পর সন্দেহভাজন হামলাকারিকে ধরতে অভিযান চলছে। হতাহতের মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিরা রয়েছেন।
এদিকে পুলিশ বলছে, ৩৪ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীর নাম পানিয়া খামরাব। সাবেক এই পুলিশ কর্মকর্তারকে সম্প্রতি বরখাস্ত করা হয়েছিল।

তিনি হামলার সময় শিশু ও বয়স্কদের গুলি এবং ছুরিকাঘাত করেছেন। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
থাই পুলিশ বলছে, তাকে শেষবার ব্যাংককের রেজিস্ট্রেশন প্লেটসহ একটি সাদা চার-দরজার টয়োটা গাড়ি চালাতে দেখা গেছে।
নং বুয়া লামফু প্রদেশের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে।
আরও পড়ুন: গ্যাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু, ভারতের কাশির সিরাপ নিয়ে সতর্কতা
থাইল্যান্ডে ব্যাপক গোলাগুলির ঘটনা বিরল। সবশেষ ২০২০ সালে নাখোন রাতচাসিমা শহরে একজন সেনার গুলিতে ২১ জন নিহত হয়েছিল।
একাত্তর/আরবিএস
