থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি পুলিশ আবাসনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন।
মঙ্গলবার (২২ নভেম্বর) নারাথিওয়াট প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার গভর্নর।
নারাথিওয়াটের গভর্নর সানান পঙ্গাকসর্ন জানান, পুলিশের পোশাক পরিহিত একজন সন্দেহভাজন গাড়িটি ফেলে যাওয়ার আগে সেটি চালিয়ে পুলিশ আবাসনের সামনে নিয়ে আসে। গাড়িটি পার্ক করার পরপরই একটি বোমা বিস্ফোরিত হয়।
তিনি আরও জানান, পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে এবং সম্ভাব্য উদ্দেশ্যগুলি তদন্ত করছে।
তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা।
আরও পড়ুন: সিরিয়ায় তুরস্ককে 'সংযম' দেখানোর আহ্বান রাশিয়ার
২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণে স্থানীয় পর্যায়ে সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে তারা বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে।
গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং তিনজন আহত হন।
একাত্তর/এসজে
