ঢাকার কেরানীগঞ্জে টেলিভিশন বিস্ফোরণের আগুনে পুড়লো প্রায় ২০টি আধাপাকা টিনের ঘর। এতে নিঃস্ব হয়েছে প্রায় ১৫টি পরিবার, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরে থাকা কোন মালামাল সরাতে পারেনি পরিবারগুলো।
শুক্রবার (১৩ই জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার জয়নগর কবরস্থানের পাশে একটি কলোনীতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দাবী, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ মাত্র ছয় লাখ টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনে হাজী শাহ আলমের মালিকানাধীন ১৬টি ঘরের আটটি টিনশেড ঘর, একটি গুদাম এবং রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত এবং বাকি ঘরগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এছাড়া পাশের বাড়ির মোহাম্মদ আলীর মালিকানাধীন দুইটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং আরও কয়েকটি ঘরেরও ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী এক নারী জানান, তিনি ফ্যাক্টরি থেকে এসে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ পাশের একটি রুমে বিকট শব্দ শুনতে পান, পরে ঘর থেকে বেড় হয়ে দেখেন ঘরটিতে ধাওধাও করে আগুন জ্বলছে। এসময় মেয়েকে নিয়ে কোনমতে ঘর থেকে বেরিয়ে আসেন বলে জানান তিনি।
আরও পড়ুন: ইজতেমার দ্বিতীয় দিনেও কানায় কানায় পূর্ণ তুরাগ তীর
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ জানান, সন্ধ্যা সাতটা দুই মিনিটে আগুনের সংবাদ পেয়ে সাতটা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা তাদের।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম ও তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক।
একাত্তর/এসজে
