কোন খাবারে কাপড়ের রঙ মেশালে দোকান সিলগালা করে মামলা করা হবে বলে ব্যবসায়ীদের হুশিয়ার করে দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। এমন কাজ মানুষ হত্যার শামিল বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার গরম মসলার মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই হুশিয়ারী দেন। এ সময় রমজানের সুযোগে নিত্যপণ্যের দাম অস্থিতিশীল করা থেকে ব্যবসায়ীদের বিরত থাকার আহ্বানও জানান তিনি।
গত বছর এই সময়ে বাজারে জিরার দাম যা ছিলো এখন তার প্রায় দ্বিগুণ ৬৫০ টাকা। ব্যবসায়ীরা জানান, গেলো বছরের তুলনায় ডলারের দাম অনেক বেশি। আবার ব্যাংকগুলো পণ্য আমদানিতে এলসি দিচ্ছে না। ফলে বাজারে পণ্যের ঘাটতি তৈরি হওয়ায় দাম বাড়ছে। রোজার মাসকে সামনে রেখে সোমবার ভোক্তা অধিকারের মতবিনিময়ে ব্যবসায়ীরা এই ব্যাখ্যা দেন।
এ সময় ভোক্তা অধিকারের মহাপরিচালক সফিকুজ্জামান জানান, এলসি নিয়ে সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা হবে। তবে, রোজার মাসে অতিরিক্ত লাভে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, আসছে রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সবার সঙ্গে সমন্বয় করে নিবিড়ভাবে বাজার অভিযান পরিচালনা জোরদার করা হবে। পণ্য মজুদ রেখে বাজার অস্থিতিশীল করা হলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রতিটি বাজার কমিটিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে যেসব বাজারে মূল্য তালিকা প্রদর্শন করা হবে না, অধিদফতর সেসব বাজার কমিটিকে বিলুপ্ত করার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে।
এ সময় তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করা, সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার দোকানে সংরক্ষণ করা ও পণ্যে ভেজাল না মেশানোর আহ্বান জানান। গরম মসলার মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে যেসব সুপারিশ এসেছে তা একটি লিখিত প্রতিবেদন আকারে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
আরও পড়ুন: অ্যান্টিবায়োটিক বিক্রিতে জরিমানাসহ কড়াকড়ি আরোপ
খাবারে কাপড়ের রঙের ব্যবহার বেড়েই চলছে উল্লেখ করে ভোক্তা অধিকারের মহাপরিচালক হুশিয়ারী দিয়ে বলেন, পাইকারি ও খুচরা মুদি দোকানে এসব রং বিক্রি হচ্ছে। এসব রং খেয়ে অসংখ্য মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। সামনের দিনগুলোতে খাবারের কোন দোকানে কাপড়ের রং পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও ক্যাবের প্রতিনিধি এবং রাজধানীর বিভিন্ন মসলার বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।
একাত্তর/আরবিএস
