যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের শুরুতে মুদ্রাস্ফীতি আরও বেড়েছে। মার্কিন শ্রম বিভাগ গতকাল মঙ্গলবার জানায়, বসবাসের খরচ ও জ্বালানি দাম বৃদ্ধির কারণে গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) আগের মাসের চেয়ে শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে।
সিএনবিসি'র খবরে বলা হয়েছে, দেশটিতে ভোক্তা মূল্য সূচক ২০২২ সালের অক্টোবরের পর এখন সর্বোচ্চ পর্যায়ে।
সিপিআই গত বছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৪ শতাংশ বেশি হয়েছে; যা বাজার প্রত্যাশা ছাড়িয়ে গেছে।
চলতি বছরের জানুয়ারি মাসে বাসস্থান খরচ ও জ্বালানির দাম আগের মাসের চেয়ে যথাক্রমে শূন্য দশমিক ৭ ও ২ শতাংশ বেড়েছে; যা সিপিআই বৃদ্ধির প্রধান কারণ।
সম্পদ ব্যবস্থাপনা সংস্থা পিমকো-এর অর্থনীতিবিদ টিফানি ওয়াইল্ডিং বলেন, এই জিনিসগুলো কখনও সরলরেখায় ঘটে না। আমি মনে করি, আমরা মূল্যস্ফীতিকে অগ্রসর হতে দেখছি।
আরও পড়ুন: দুদক কমিশনারের রাষ্ট্রপতি হতে বাধা নেই: সিইসি
বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে মার্কিন শ্রম বাজারে চাহিদা বাড়বে, কর্মচারীদের বেতন ও পরিষেবা খরচও বৃদ্ধি পাবে। এতে মুদ্রাস্ফীতি অব্যাহত থাকবে।
তারা বলছেন, উচ্চ মুদ্রাস্ফীতি মার্কিন অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়াবে। এছাড়াও ফেডারেল রিজার্ভে সুদের হার প্রত্যাশিত মাত্রার চেয়ে বেশি হতে পারে।
এলপিএল ফাইন্যান্সিয়ালের প্রধান অর্থনীতিবিদ জেফ্রি রোচ বলেন, মূল্যস্ফীতি কমানোর পথ সম্ভবত মসৃণ হবে না।
তিনি আরও বলেন, ফেডারেল রিজার্ভ শুধুমাত্র একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে না, তবে স্পষ্টতই ঝুঁকি বাড়ছে।
একাত্তর/আরবিএস
