রাজবাড়ী জেলার পাঁচ উপজেলা থেকে হারানো ৩১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১২টার সময় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়রুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
হারানো মোবাইল ফোন হাতে পেয়ে আনন্দের সাথে জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন খোয়া যাওয়া ফোনের মালিকেরা। অনেকে আবার বলছেন, তারা এক প্রকার আশাই ছেড়ে দিয়ে ছিলেন। তারপরও হারানো প্রিয় ফোনটি ফিরে পেয়ে আনন্দে আত্মহারা তারা।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ফোন হারানোর পর অনেকে ফেসবুক ম্যাসেঞ্জারে আবার অনেকে টেলিফোনে যোগাযোগ করেছে। জিডির সূত্র ধরে আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করেছি যার কারণে আজকের এই সফলতা।
আরও পড়ুন: জামালপুরে দুই ছাগল চুরি করে সাত কিশোর আটক
সাংবাদিক সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলা থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে কাজ করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। যারা অক্লান্ত পরিশ্রম করে এই মোবাইলগুলো দেশের বিভিন্নস্থান থেকে উদ্ধার করেছে।
পুলিশ সুপার আরো বলেন, ফোন বা যে কোন ডিভাইস ব্যবহারে আরো সচেতন হতে হবে। এ ধরনের বিপদে পরলে, সম্পদ হারালে আপনারা পুলিশের কাছে আসুন, পুলিশ সার্বিক সহযোগিতা করবে। সম্পদ হারানো মানুষ তাদের সম্পদ ফিরে পেয়ে যে হাসিটুকু হাসে সেটাই দেখেই আমরা তৃপ্তি পাই। আমাদের কাজে উৎসাহ যোগায়।
একাত্তর/আরএ
