ঝালকাঠির রাজাপুরে গাছ থেকে পড়ে গাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের বউবাজার সংলগ্ন এলাকায় আলতাফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গাছ ব্যবসায়ীর নাম মো. আলমগীর হাওলাদার (৬০)। তিনি ঐ ইউনিয়নের কলাকোপা এলাকার মৃত আব্দুল হাসেম হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আলমগীর পেশায় একজন গাছ ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে আলতাফের বাড়িতে গাছ কাটাতে যায় আলমগীর। এসময় গাছের মগডালে উঠে ডাল কাটার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে যায় আলমগীর।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তমাল হালদার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে ৩১ ফোন উদ্ধার
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/আরএ
