টানা বর্ষণে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকা, তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে অনেকেই পানিবন্দি হয়ে পড়েছেন নিজ নিজ এলাকায়।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, শনিবার (১৯ জুন) দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ১৪০.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকালের ভারি বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর দুই নাম্বার গেইট, ষোলশহর, আগ্রাবাদ সিডিএ আবাসিক, বহদ্দারহাট, হালিশহর ও চান্দগাঁওয়ের মত নিচু এলাকা।
বৃষ্টিতে সেসব এলাকায় হাঁটুর ওপরে পানি ওঠে। হালিশহর, মুরাদপুর এলাকায় সবচেয়ে বেশি পানি উঠেছে। ওই এলাকায় সকালে কোমর পরিমাণ পানি জমে যায়।
তবে এবার জলাবদ্ধতা দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। এক থেকে দেড় ঘণ্টার মধ্যে পানি নেমে গেছে। পানি নেমে গেলেও কাদা মাটির যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি।
হালিশহর এলাকার বাসিন্দারা জানান, বৃষ্টিতে রাস্তায় হাঁটুপানি জমেছে। বাসাবাড়িতে পানি ঢুকে গেছে। জলাবদ্ধতার কারণে ঘরবন্দি হয়ে পড়েছেন বেশিরভাগ বাসিন্দা।
চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দারাও প্রায় একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সকালেই আবাসিকের ভেতরে হাঁটুপানি জমে যায়।
জলাবদ্ধতার কারণে গত কয়েকদিন ধরেই হাঁটু পানি মাড়িয়ে বাসা থেকে বের হতে হচ্ছে। শনিবার সকালেও সেই দৃশ্যপটের কোন পরিবর্তন হয়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে গাড়ি চাপায় এএসআই হত্যায় তিনজন গ্রেপ্তার
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এ সময় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
একাত্তর/আরবিএস
