করোনা সংক্রমণ রোধে গত মার্চ মাস থেকে সব ধরনের গণপরিবহনের সাথে বন্ধ করা হয়েছিলো গাজীপুর থেকে ঢাকার ট্রেন চলাচল। অবশেষে প্রায় তিন মাস বন্ধ থাকার পর ঢাকার সাথে গাজীপুরের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।
রোববার (২০ জুন) সকালে প্রথমেই গাজীপুর থেকে তুরাগ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে প্রথম দিনই ট্রেনটি ছাড়তে দেরী হয় পৌনে এক ঘন্টা। এরপর টাঙ্গাইল থেকে ছেড়ে এসে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে টাঙ্গাইল কমিউটার। আর বিকেল সাড়ে পাঁচটায় ডেমু ট্রেন গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।
আরও পড়ুন: বিদ্যুতস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু, মা হাসপাতালে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গত কয়েকদিন ধরে চরম দুর্ভোগের প্রেক্ষাপটে এসব ট্রেন আবারও চালু হওয়ায় বিশেষ করে কর্মজীবী মানুষ দারুণভাবে উপকৃত হয়েছে। তবে হাজার হাজার লোকজনের চাহিদার বিপরীতে আসন সংখ্যা কম থাকায় যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনে যেতে অনেকটা বাধ্য হয়েছেন।

গাজীপুর জেলা শহরের জয়দেবপুর রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জানান, এবার যাত্রী চলাচলের জন্য দশটা বগি দেয়া হয়েছে, যাতে স্বাস্থ্যবিধি মেনে মাত্র আড়াইশ' জন চলাচল করাতে পারে। কিন্তু যাত্রী সংখ্যা তার চেয়ে অনেক বেশি হওয়ায় তা মানা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে চালানোর চেষ্টা রয়েছে তাদের।
ট্রেনযোগে ঢাকা থেকে গাজীপুর আসা-যাওয়া করার জন্য বর্তমানে প্রতিদিন কমপক্ষে ১০ হাজার কর্মজীবী লোকজনের চাহিদা রয়েছে।
একাত্তর/এসজে
