সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদেরের ছোট বোন রোকেয়া বেগমের (৫৫) বাসায় হামলার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন তার দুই বোন তাহেরা বেগম ও রোকেয়া বেগম। হামলার জন্য নিজের ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে দায়ী করে তার উপযুক্ত শাস্তিসহ বিচার দাবি করেছেন তারা।
বুধবার (২৩ জুন) রাত ১০টার দিকে বসুরহাট থানার সামনের সড়কে কাদের মির্জার বড় বোন তাহেরা বেগম ও ছোট বোন রোকেয়া বেগম উপজেলা আওয়ামী লীগের অনুসারী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই বিক্ষোভ মিছিল করেন।
রোকেয়া বেগম কাদের মির্জার ছোট বোন এবং কাদের মির্জার প্রতিপক্ষ ভাগনে ফখরুল ইসলাম রাহাতের মা। তাহেরা বেগম (৬৯) কাদের মির্জার বড় বোন এবং কাদের মির্জার প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জুর মা।
এর আগে, একই দিন বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বসুরহাট থানার পোল সংলগ্ন সেতুমন্ত্রীর বোনের বাসভবন এইচ আর ভবনে এই হামলার ঘটনা ঘটে।
সেতুমন্ত্রী ও কাদের মির্জার ছোট বোন রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, মির্জার গুন্ডা বাহিনী এই হামলা করেছে। আর কে আছে কোম্পানীগঞ্জে, সেতো এখন গডফাদার। পুলিশ তাকে প্রটেকশান দিচ্ছে, সে বিশাল ক্ষমতাধর। মির্জার গুন্ডা বাহিনী বাসায় হামলা করে আমার ছেলে রাহাতকে খুঁজতে থাকে। আমি তাদেরকে বলি আমি মন্ত্রীকে ফোন দিচ্ছি তারা বলে মন্ত্রী কি করবে। তোর ছেলেকে বাহির করি দে তখন দেখবি, এখন কি করি।
এসময় হামলাকারীরা বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বলেও জানান তিনি।
এদিকে সেতুমন্ত্রীর ভাগনে ফখরুল ইসলাম রাহাত অভিযোগ করেন, কোম্পানীগঞ্জে আ’লীগের দুই গ্রুপের মধ্যে বিবদমান দ্বন্দ্বের জেরে কাদের মির্জা অনুসারী কেচ্ছা রাসেলের নেতৃত্বে তার বাসায় হামলা করা হয়েছে। এ সময় তারা অকথ্য ভাষায় গালমন্দ করে বলেও অভিযোগ করেন তিনি।
এবিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী সিরাজুল ফোন রিসিভ করে জানান, মেয়র বিশ্রামে আছেন। এ ধরনের কোন ঘটনার সাথে মেয়র অনুসারী কেউ জড়িত নয় উল্লেখ করে তিনি বলেন, মেয়র শান্ত আছেন, উনাকে উত্তেজিত করার জন্য এসব করা হচ্ছে।
হামলার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, কয়েকজন লোক এসে বাসার গেইটে লাথি মেরে গালমন্দ করেছে। এই ধরনের একটা সংবাদ আমরা পেয়েছি। আামি ঘটনাস্থলে আছি, বিষয়টি আমি খতিয়ে দেখছি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কারখানা চালু রেখে লকডাউনে শ্রমজীবীদের ভোগান্তি
উল্লেখ্য, এর আগে গত (২৫ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটের দিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আরেক ছোট বোন তাহেরা বেগমের বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোর্ট বিল্ডিং সংলগ্ন বাসায় ককটেল হামলার ঘটনা ঘটে। পরে সেখান থেকে পুলিশ অবিস্ফোরিত ৬টি তাজা ককটেল উদ্ধার করে। ওই ঘটনার পর থেকে সেতুমন্ত্রীর বোন তাহেরা বেগমের বাসায় পুলিশ মোতায়েন রয়েছে। তাহেরা বেগম কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জুর মা। মঞ্জুর কাদের মির্জার প্রতিপক্ষ হিসেবে কোম্পানীগঞ্জের রাজনীতিতে ভূমিকা রাখছেন।
একাত্তর/আরএইচ
