বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে দীর্ঘ ৯ মাস পর স্বজনদের ফিরে পেলেন মুলাদী উপজেলার তেরচর গ্রামের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নূরবানু বেগম।
শনিবার (২৬ জুন) রাতে ঘুরতে গিয়ে কয়েকজন যুবক উপজেলার বাকাল গ্রামে রাস্তার পাশে ওই বৃদ্ধা মহিলাকে পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে। এরপর তাৎক্ষণিক আগৈলঝাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকদের সহযোগীতায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরও পড়ুন: সিনহা হত্যা মামলা: চার্জ গঠন, ৬ আসামির জামিন নামঞ্জুর
পরে বৃদ্ধার পরিচয় নিশ্চিত হলে রাতেই তার সন্তান সেকেন্দার কবিরাজকে খবর দেয়া হয়।
রোববার সকালে ওই বৃদ্ধাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ। বৃদ্ধা নূরবানু বেগমের দুই মেয়ে ও এক ছেলে। গত ৯ মাস আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
একাত্তর/এসজে
