মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে মুক্তিপণের দাবিতে স্কুলছাত্র আবির হোসেনকে (১২) অপহরণ পূর্বক শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
শনিবার (২৬ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে কৌশলে গ্রামের খেলার মাঠ থেকে অপহরণ করা হয় আবিরকে। পরে রাত সাড়ে বারোটার দিকে স্থানীয় মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আবির হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল ইসলামের ছেলে। মায়ের সাথে সে নানার বাড়িতে বসবাস করত।
এ ঘটনায় মিনাপাড়া গ্রামের নুহু মেম্বারের ছেলে হামিম হোসেন ও মিরাজ হোসেনের ছেলে মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
আরও পড়ুন: নিখোঁজের পরদিন ডোবায় মিললো বৃদ্ধের মরদেহ
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হামিম ও মুজাহিদের সাথে মোটরসাইকেল-যোগে গ্রামের মাঠে ঘুরতে যায় আবির হোসেন। দীর্ঘ সময় পর তারা জানায় আবিরকে মাঠ থেকে অজ্ঞাত একজন ধরে নিয়ে গেছে। পরে ফোনে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দুবুত্তরা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। নেপথ্যে কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/আরএ
