কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।
লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার যেকোনো লড়াইকে ঘিরেই তুমুল উত্তেজনা থাকে সমর্থকদের মাঝে। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক প্রতিযোগিতা, বিচ ফুটবল কিংবা ফুটসাল সবকিছু ছাপিয়ে এই দুই দলের লড়াই মানেই যেন ভিন্ন এক রোমাঞ্চ।
আর্জেন্টাইন ফুটবলের সুদিন শুরু হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়েই। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে নেইমাররা নাকানি চুবানি খেয়েছিল মেসি বাহিনীর কাছেই। এর পরের গল্প সবারই জানা বিদ্যুৎ গতিতে ছুটেছে বিশ্বকাপ জয়ীরা অন্যদিকে কচ্ছপ গতিতে এগিয়ে যাচ্ছিল ব্রাজিল।
কোপা আমেরিকা শেষ হওয়ার প্রায় বছর দুয়েক পেরিয়ে গেছে। ১-০ গোলের ব্যবধানে শিরোপা জয়ের আরও একটি ফাইনাল দেখলো লাতিনের ফুটবল। এবারের বিজয়ী দল ব্রাজিল। ফরম্যাটটা আলাদা কিন্তু তাতেও শিরোপা উৎসব থেমে নেই হলুদ জার্সিধারীদের।
অনূর্ধ্ব-২০ লাতিন আমেরিকান ফুটসালে মেসির ছোট ভাইদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলের ছেলেরা। ভেনিজুয়েলা মাঠে ফাইনালে দুই দলের লড়াই হয়েছে সমানে সমান। পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়েছে ব্রাজিল, পেরুকে তো একও ম্যাচেই দিয়েছিল ১৫ গোল।
ফাইনালে এসে আর্জেন্টাইনদের তুমুল বাঁধার মুখে পড়তে হয়েছিল হলুদজার্সীধারিদের। পুরো আসরে ম্যাচপ্রতি ৫ গোল করে আসা দলটার ফাইনালে ১ গোল পেতেই নাভিশ্বাস উঠে গিয়েছিল।
টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ব্রাজিলই পেয়েছে শিরোপা, রানারআপ হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে আর্জেন্টিনাকে। প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে কলম্বিয়া।
কনমেবল অঞ্চলের ১০ দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে নিজ নিজ গ্রুপ থেকে সেরা হয়েই ফাইনালে উঠেছিল ব্রাজিল-আর্জেন্টিনা। এ দুই দলের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, সেটা যে কোনো টুর্নামেন্টেই হোক না কেনো।
