নির্বাচন সামনে রেখে রাজধানীতে তৎপর হচ্ছে সন্ত্রাসীরা। কারাগারে আটক অপরাধীরা জামিনে মুক্ত হয়ে সন্ত্রাসী তৎপরতার পরিকল্পনা করছে বলে জানালেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। এ অবস্থায় জামিনে মুক্তি পাওয়া অপরাধীদের গতিবিধি নজরে রাখার কথাও জানান ডিবি প্রধান।
সম্প্রতি তেজগাঁও এলাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনের ওপর হামলা চালায় আরেক দল সন্ত্রাসী। আহত মামুনের সাথে কথা বলে ডিবি পুলিশ জানতে পারে কারাবন্দী আরেক শীর্ষ সন্ত্রাসী ইমন তাকে হত্যার হুমকি দিয়েছিলো আদালত চত্বরে হাজিরা দেয়ার সময়। ঠিক তার সাতদিন পরই এই হামলা।
এই ঘটনার পরই নড়ে চড়ে বসেন গোয়েন্দারা। এর মধ্যে কোন কোন শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে বের হয়ে তাদের পুরোনো পেশায় ফেরার জন্য তৈরি হচ্ছে সেই খোঁজ খবর নিতে শুরু করে ডিবি পুলিশ। তারই অংশ হিসেবে সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হওয়া আরেক শীর্ষ সন্ত্রাসী খোরশেদ আলম ওরফে ফ্রিডম রাসুকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অতিরিক্ত ডিবি কমিশনার হারুন অর রশিদ বলেন, কেউ জেলের ভেতরে থাকুক বা বাইরে; যারাই অপরাধের সাথে জড়িত থাকবে- কাউকে ছাড় দেয়া হবে না।
ডিবি প্রধান বলেন, নির্বাচন সামনে রেখে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হবার চেষ্টা করছে। মুক্তি পেলে তারা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হতে পারে বলে ধারণা ডিবির। সন্ত্রাসীদের তৎপরতা ঠেকাতে গোয়েন্দা কর্মকাণ্ড বাড়ানো হচ্ছে বলেও জানান ডিবি প্রধান।
হারুন অর রশিদ বলেন, যারা ভেতরে আছেন, আর যারা জামিনে বেরিয়ে আসছেন- আমরা প্রত্যেককে নজরদারিতে রেখেছি।
তেজগাঁওয়ের ঘটনার মতো সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা।
