চাঁপাইনবাবগঞ্জ শহরের কালীতলা মহল্লার একটি রেস্তোরাঁ থেকে আনা মোগলাই পরাটা খেয়ে স্বর্ণা (১৭) ও স্বপ্না (১৭) নামে দুই বোনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে মৃত দুই বোনের মা ও তাদের এক আত্মীয়।
তবে, এ অভিযোগ অস্বীকার করেছে রেস্তোরাঁ কর্তপক্ষ। মৃত দুই বোন নবাবগঞ্জ সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে স্বর্ণা নিজ বাড়িতে মারা যায়। এ ঘটনায় একই পরিবারের আরও ৩জন অসুস্থ্য হয়ে পড়লে তাদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে স্বপ্না চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মৃত দুই বোনের বাবা সাদিকুল ইসলাম রবি জানান, সোমবার (৫ জুলাই) বিকালে শহরের পুরাতন বাজার এলাকার হোটেল শাহজাহান থেকে মোগলাই পরোটা কিনে বাড়িতে পরিবারসহ তিনি খান। রাতে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন, মেয়ে স্বর্ণা ও স্বম্পা এবং আত্মীয় সিফাত অসুস্থ্ হয়ে পড়ে।
আরও পড়ুন: আড়াই মাস পর বেনাপোল বন্দর দিয়ে অক্সিজেন আমদানি শুরু
তাদেরকে সদর হাসপাতালে নেয়া হলে স্বর্ণা ও তার মাকে চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং স্বপ্না ও সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বাড়ি আসার পরেই স্বর্ণা মারা যায়। অপরদিকে বেলা ২টার দিকে স্বপ্নাও হাসপাতালে মৃত্যুবরণ করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিন্টু রহমান জানান, এ ঘটনায় এখনও কেউ থানায় কোন অভিযোগ করেনি। তবে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: নাদিম সরকার জানান, ফুড পয়জনিং থেকে স্বপ্না ও স্বর্ণার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, শাহজাহান হোটেলের মালিক জামাল উদ্দিন নাসেরের দাবি, তার দোকানের মোগলাই পরাটা খেয়ে কেউ অসুস্থ্ হয়নি। তার রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত উপায়ে সব খাবার তৈরী করা হয় বলে তিনি দাবি করেন।
একাত্তর/এসজে
