পটুয়াখালী কলাপাড়া হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসাধীন এক রোগীকে খুঁজে পাচ্ছে না স্বাস্থ্য প্রশাসন। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে কোনো ছাড়পত্র না নিয়ে এবং কাউকে না জানিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান বুশরা (২০) নামের ওই রোগী।
কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জেএইচ খান লেলীন জানান, বুধবার (৭ জুলাই) রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। সে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে তাকে হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোথায় আছে তাও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, করোনা রোগী পালানোর বিষয়টি তাকে জানানো হয়নি। তবে তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
জানা গেছে, বুশরা নামের ওই নারী কলাপাড়া পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। স্বামী মো.আবদুল্লাহর বিষয়েও এখনো কিছু জানা যায়নি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, হাসপাতাল থেকে রোগী পালানোর বিষয়টি পুলিশকে জানানো হয়নি।
আরও পড়ুন: নড়াইলে ঢিলেঢালা 'কঠোর বিধিনিষেধ', শনাক্ত ৪৩.৫৮ শতাংশ
কলাপাড়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর চলে যাওয়ার আগে অবশ্যই ছাড়পত্র নিয়ে যাওয়া উচিত ছিলো।
এদিকে বুধবার (৭ জুলাই) রাতে কলাপাড়া হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। কলাপাড়ায় গত সাত দিনে ৮১ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬৪ জন। আক্রান্তের হার ৭৯ দশমিক ০১ শতাংশ।
একাত্তর/আরবিএস
