রাশিয়ার রাজধানী ও বৃহত্তম শহর মস্কোতে ১৪৫ বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে। এটিকে বলা হচ্ছে শতাব্দীর তুষারপাত। রোববার তুষারের আস্তরণে ঢেকে যায় প্রায় ২৫১১ বর্গ কিলোমিটার আয়তনের প্রাচীন নগরীটি।
রাশিয়ার হাইড্রোমেটিওরোলজিক্যাল সেন্টারের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে রুশ বার্তা সংস্থা তাস।
সংস্থাটির পরিচালক রোমান ভলফান্ড বলেন, ৩ ডিসেম্বর নজিরবিহীন তুষারপাত মস্কোকে ধাক্কা দিয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণের ১৪৫ বছরের মধ্যে, এ অঞ্চলে এটিই ছিলো সবচেয়ে ভারী তুষারঝড়। ১২ ঘণ্টায় প্রায় ১০ দশমিক ৭ মিলিমিটার তুষারপাত হয়েছে।

ভলফান্ডের মতে, ৩ ডিসেম্বরের আগে সবশেষ ১৯৮০ সালে মস্কোতে ৯ দশমিক ৪ মিলিমিটার তুষারপাত হয়েছিল।
মস্কোর মেয়র সার্জেই সোবিয়ানিন বলেন, এটিকে বলা হচ্ছে শতাব্দীর তুষারপাত। মস্কোতে বিশাল পরিমাণ তুষার জমেছে আর হাজার হাজার গাছ ভেঙে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে অনলাইন এয়ারপোর্ট ডিসপ্লে জানিয়েছে, নজিরবিহীন তুষারপাতের কারণে মস্কো বিমানবন্দরের ৭৩টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শেরেমেতইয়েভো বিমানবন্দরে ৩৪টি ফ্লাইট বিলম্বে যাত্রা করেছে। ডেমোডেডোভেতে বাতিল হয়েছে তিনটি ফ্লাইট।
এছাড়া ভনুকোভেতে ১৩টি ফ্লাইট এবং ঝুকোভস্কিতে ছয়টি ফ্লাইট বিলম্ব হয়েছে।
এক বিবৃতিতে মস্কো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বাড়তে পারে তুষারপাত।
ইসরাইলে প্রতি তিনজনে একজনের পিটিএসডি উপসর্গ