ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবিকে বিএনপির শাখা সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, টিআইবি বিএনপির শাখা সংগঠন। মতাদর্শ একই তাদের।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কাদের সাংবদিকদের বলেন, পাঁচ বছর পর পর নির্বাচন। এক সরকার আরেক সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই সাংবিধানিক ধারা। নির্বাচনের টার্ন আউট দেখেই বোঝা যাবে কেমন হয়েছে। তবে এবার ভোটার সন্তোষজনক হবে।
তিনি বলেন, নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে দ্বাদশ জাতীয় সংসদে বিরোধীদল কারা হবে।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, নির্বাচনবিরোধীদের অবস্থান ও স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে আমাদের উত্তরে তারা পজিটিভ। আমাদের কথাই তারা বেশি শুনেছেন।
তারেক রহমানকে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খেলার মাঠে ভুয়া হয়ে গেছে বিএনপি। যে নারী দেখতে ভালো না, তার চলন বাঁকা, বিএনপির অবস্থা এই। নজরুল ইসলাম খানকে বলে দিয়ো, পাগলের সুখ মনে মনে।
তিনি বলেন, বিএনপি সহিংসতা করছে, বাংলাদেশে খোমেনি আদলে বিপ্লব হবে এমন দুঃস্বপ্ন তারা দেখছে। রিমোট কন্ট্রোল নেতা পলাতক অবস্থায় আন্দোলন সফল করতে চান। এটা হাস্যকর।
আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করলে কোনো সমস্যা নেই বলেও জানান ওবায়দুল কাদের।
দুইশো শতাংশ আয় বেড়েছে চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর: টিআইবি
ভোটের মাঠ ছাড়লেন শাহজাহান ওমরের প্রতিদ্বন্দ্বী মনির