কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদসদস্য জাফর আলমের দেওয়া হুমকি-ধামকির বিষয় নিয়ে অভিযোগ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছেন আসনের চকরিয়া ও পেকুয়া উপজেলার জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা।
চিঠিতে উল্লেখ করা হয়, 'আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা বর্তমান নির্বাচন কমিশনের অন্যতম চ্যালেঞ্জ। একই সাথে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জাতিকে একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে অঙ্গীকারবন্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ।
আমরা সেই লক্ষে নিজ নিজ এলাকায় আমাদের পছন্দের প্রার্থীর পক্ষে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনী কাজ করে যাচ্ছি। একই সাথে সর্বোচ্চ সংখ্যক ভোটারকে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। যা পরোক্ষ ভাবে নির্বাচন কমিশনের উদ্দেশ্যের সহায়ক।'
চিঠিতে আরও বলা হয়ে, 'বর্তমান সংসদ সদস্য জাফর আলম বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক গাড়ী প্রতীক নিয়ে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন, তার বিপরীতে নির্বাচনে অংশগ্রহণ করা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান হাতঘড়ি প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বর্তমান সংসদ সদস্য ও ট্রাক গাড়ী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ বা কাজ না করায় এবং বিপক্ষের হাতঘড়ি মার্কার প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করায় তিনি নিজে এবং তার সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে অবৈধ অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে গুম ও হত্যার হুমকি প্রদান করে যাচ্ছেন। এছাড়াও তার কর্মীদের দিয়ে হাতঘড়ি প্রতীকের নির্বাচনী পোষ্টার, ব্যানার, লিফলেট ও ফেস্টুন ছিঁড়েয়েছেন। যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কর্তৃক স্বীকৃত মৌলিক অধিকারের সুস্পষ্ট লংঘন।
এ ধরনের হুমকি প্রদর্শন, চাপ প্রয়োগ সহ নির্বাচনী সরঞ্জাম ছিড়ে ফেলা ও লাগাতে বাধা প্রদানের মত অপতৎপরতা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে বড় অন্তরায় এবং আমরা জনপ্রতিনিধিগণও চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।'
চিঠিতে গণ-প্রতিনিধিরা অনুরোধ জানান, 'জনমনের সংশয় দূর করতে কক্সবাজার-১ আসনে একটি অবাধ, সুষ্টু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জনগণ ও জনপ্রতিনিধিদের নিরাপত্তাবিধান ও হয়রানি রোধে উল্লেখিত অভিযোগ যাচাই স্বাপেক্ষে পরবর্তী কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।'
সংসদ সদস্য জাফরের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন